থার্টিফাস্ট নাইটে রাত ১২টার পর বন্ধ থাকবে মাওয়া ঘাটের সকল রেস্তোরাঁ

মুন্সিগঞ্জ প্রতিনিধি:

অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে মঙ্গলবার থার্টিফাস্ট নাইটে রাত ১২টার পর বন্ধ থাকবে মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া ঘাটের সকল রেস্তোরাঁ। এমনকি শুধু থার্টিফাস্ট নাইট নয়, প্রয়োজনে পরের দিন ১ জানুয়ারি শুক্রবারও পরিস্থিতি দেখে বন্ধ রাখার নির্দেশ দিয়েছে প্রশাসন।

লৌহজং উপজেলা প্রশাসন, টুরিস্ট পুলিশের পদ্মা ব্রিজ জোন, লৌহজং থানা পুলিশ ও পদ্মা সেতু উত্তর থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে।

গত ২৭ ডিসেম্বর লৌহজং উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় থার্টিফাস্ট নাইটে শিমুলিয়া ঘাটে আসা পর্যটকদের নিরাপত্তা নিয়ে আলোচনা করা হয়। সভায় রাত ১২টার পরে শিমুলিয়া ঘাটের সকল রেস্তোরাঁ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।

এ প্রসঙ্গে লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাকির হোসেন বলেন, ‘অপ্রত্যাশিত ঘটনা এড়ানোর জন্যই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমি সোমবার রাতে দুই থানার ওসিদের নিয়ে শিমুলিয়া ঘাটে গিয়ে রেস্তোরাঁ ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেছি। তাদের থার্টিফাস্ট নাইটে রাত ১২টার পরে হোটেল বন্ধ রাখার নির্দেশ দিয়েছি’।

ট্যুরিস্ট পুলিশের পদ্মা ব্রিজ জোনের পরিদর্শক মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, ‘রাত ১২টার পর শিমুলিয়া ঘাটে কাউকে অবস্থান করতে দেওয়া হবে না। এমনকি পদ্মা সেতুর মাওয়া এলাকায়ও রাত ১২টার পরে চলাচলে নিষেধাজ্ঞা রয়েছে।’
তিনি আরও জানান, ‌‌শিমুলিয়া ঘাট ও মাওয়া এলাকায় আতশবাজি, পটকা ফুটানো নিষিদ্ধ। এছাড়া পর্যটকদের নিরাপত্তার কথা বিবেচনা করে উন্মুক্ত স্থানে অনুষ্ঠান আয়োজন বন্ধ রাখা হয়েছে। উচ্ছৃঙ্খল আচরণ থেকে বিরত থাকতে প্রচার চালানো হচ্ছে।

প্রশাসনের নিষেধাজ্ঞার বিষয়টি স্বীকার করে শিমুলিয়া ঘাট রেস্তোরাঁ ব্যবসায়ী সমিতির সভাপতি মো. মুরাদ খান জানান, ‘উপজেলা প্রশাসন, পুলিশ ও টুরিস্ট পুলিশ রাতে (সোমবার) এসে থার্টিফাস্ট নাইটে রেস্টুরেন্ট বন্ধ রাখার নির্দেশ দিয়ে গেছেন। তাদের সিদ্ধান্ত অনুযায়ী, রাত ১২টার পর শিমুলিয়া ঘাটের সকল রেস্তোরাঁ বন্ধ থাকবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights