দক্ষিণ আফ্রিকার ব্যাটিং কোচের দায়িত্ব ছাড়লেন ডুমিনি

অনলাইন ডেস্ক

ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন দক্ষিণ আফ্রিকার ওয়ানডে ও টি-টোয়েন্টির ব্যাটিং কোচ জেপি ডুমিনি। এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড (সিএসএ)।

সিএসএ বলেছে, ‘জেপি ডুমিনি ব্যক্তিগত কারণে সিএসএর সঙ্গে পারস্পরিক সমঝোতার মাধ্যমে সাদা বলের ব্যাটিং কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন।’

গত বছরের মার্চে দক্ষিণ আফ্রিকার কোচিং বিভাগে যোগ দেন ডুমিনি। তিনি মার্ক বাউচারের শূন্যস্থান পূরণ করেন। প্রোটিয়াদের হয়ে ১৯ মাস কাজ করলেন ডুমিনি। তার অধীনে খেলে ব্যাট হাতে আরও ভয়ঙ্কর হয়ে উঠেছেন হেনরিখ ক্লাসেন, ত্রিস্টান স্টাবসরা।

২০২৩ ওয়ানডে বিশ্বকাপে সেমি-ফাইনাল খেলা দক্ষিণ আফ্রিকা দলের সঙ্গে ছিলেন দুমিনি। কিন্তু ব্যক্তিগত কারণে চলতি বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপে যেতে পারেননি, যেখানে ফাইনালে ভারতের বিপক্ষে হেরে যায় প্রোটিয়ারা।

গত সেপ্টেম্বরে ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টির (আইএলটি-টোয়েন্টি) ফ্র্যাঞ্চাইজি শারজাহ ওয়ারিয়র্স দুমিনিকে প্রধান কোচ হিসেবে নিয়োগ দেয়। এর আগে তিনি এসএ টি-টোয়েন্টির দল পার্ল রয়্যালসের প্রধান কোচ ছিলেন।

খেলোয়াড়ী জীবনকে বিদায় বলার পর দক্ষিণ আফ্রিকার ঘরোয়া ক্রিকেট দল বোল্যান্ড রকসের প্রধান কোচের দায়িত্ব নেন দুমিনি। জাতীয় দল ও লায়ন্সের ব্যাটিং পরামর্শক হিসেবে কাজ করার অভিজ্ঞতাও আছে তার। দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি লিগ এসএটোয়েন্টির উদ্বোধনী আসরে পার্ল রয়্যালসের প্রধান কোচ ছিলেন তিনি।

২০০৪ থেকে ২০১৯ সাল পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন দুমিনি। ৪৬ টেস্ট, ১৯৯ ওয়ানডে ও ৮১ টি-টোয়েন্টিতে খেলেছেন তিনি দক্ষিণ আফ্রিকার জার্সিতে। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলেছেন সিপিএল, আইপিএল ও পিএসএলে। ২০২০ সালে সব ধরনের ক্রিকেটকে বিদায় বলে দেন এই অলরাউন্ডার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights