দক্ষিণ কেরানীগঞ্জে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

অনলাইন ডেস্ক

রাজধানীর দক্ষিণ কেরানীগঞ্জে নিজ বাসা থেকে আসিয়া আক্তার মিম (২৬) নামে এক মাস্টার্স শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের দাবি, তিনি আত্মহত্যা করেছেন।

মঙ্গলবার (১৪ জুলাই) বিকেল ৫টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকার একটি বাসায় এ ঘটনা ঘটে। পরে অচেতন অবস্থায় তাকে সন্ধ্যা ৬টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত মিম হাসনাবাদ এলাকার বাসিন্দা। তিনি সিদ্ধেশ্বরী বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। তার বাবার নাম মৃত মনিরুজ্জামান।

মিমের স্বামী ইমামুল ইসলাম জানান, প্রায় এক মাস আগে তাদের বিয়ে হয়। তিনি পেশায় একটি রিকশা গ্যারেজের মালিক। ঘটনার সময় নতুন বাড়ির নির্মাণকাজে বাইরে ছিলেন। বিকেলে বাসায় ফিরে স্ত্রীর খোঁজ না পেয়ে ওপরের তলার একটি কক্ষে যান। কক্ষটি ভেতর থেকে বন্ধ থাকায় ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে দরজা ভেঙে দেখেন, মিম সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে ঝুলে আছেন। পরে দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তাৎক্ষণিকভাবে এ ঘটনার কারণ জানা যায়নি।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. ফারুক চিকিৎসকদের বরাত দিয়ে জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights