দলের লড়াকু মানসিকতায় মুগ্ধ মেক্সিকো কোচ

স্পোর্টস ডেস্ক
প্রথমার্ধে গোলশূন্য থাকার পর দ্বিতীয়ার্ধে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে চেকিয়াকে ৩-০ গোলে হারিয়েছে মেক্সিকো। এই জয়ের মাধ্যমে শতভাগ জয় নিয়ে গ্রুপসেরা হয়ে পরবর্তী রাউন্ডে জায়গা করে নেয় স্বাগতিক দলটি।

যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় আয়োজিত আসরে মেক্সিকোই প্রথম দল হিসেবে গ্রুপ পর্বের তিনটি ম্যাচেই জয় তুলে নেয়। এর মাধ্যমে ১৯৯০ সালের পর প্রথমবার কোনো স্বাগতিক দল গ্রুপ পর্বে শতভাগ জয় নিয়ে এগিয়ে যাওয়ার নজিরও গড়ে তারা।

ম্যাচের ৫৫তম মিনিটে মাতেও চাভেজ গোল করে ম্যাচের গতিপথ বদলে দেন। এর পাঁচ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন হুলিয়ান কিনোনেস। শেষ মুহূর্তে আলভারো ফিদালগোর গোল মেক্সিকোর জয় নিশ্চিত করে।

ম্যাচ শেষে দলের পারফরম্যান্সে সন্তোষ প্রকাশ করেন কোচ হাভিয়ের আগিরে। বিশেষ করে দ্বিতীয়ার্ধে দলের মানসিক দৃঢ়তার প্রশংসা করেন তিনি।

আগিরে বলেন, ‘প্রথম ২০ মিনিট আমাদের ভালো লাগেনি। তবে এরপর আমরা নিজেদের গুছিয়ে নেই এবং ম্যাচে ফিরে আসি। সেই জায়গাতেই দলের মানসিক শক্তির আসল রূপ দেখা গেছে।’

অভিজ্ঞ এই কোচ এর আগে ২০০২ ও ২০১০ বিশ্বকাপেও মেক্সিকোর দায়িত্বে ছিলেন। ৬৭ বছর বয়সী এই কোচ জানান, দল ভালো খেললেও এখনো উন্নতির জায়গা রয়েছে।

তিনি বলেন,’সবসময়ই কিছু না কিছু জায়গায় উন্নতির সুযোগ থাকে। তবে সবচেয়ে বড় পরিবর্তন এসেছে মানসিকতায়।’

আগিরের মতে, এই দলের সবচেয়ে বড় শক্তি হলো তাদের ইতিবাচক মনোভাব। লক্ষ্য এখন কোয়ার্টার ফাইনালের বাধা পেরিয়ে আরও সামনে এগিয়ে যাওয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights