দাবি আদায়ে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা ৭ কলেজ শিক্ষার্থীদের

অনলাইন ডেস্ক

দাবি আদায়ে অনড় অবস্থানে রয়েছেন রাজধানীর সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা। সাত কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা।

সোমবার সকালে শিক্ষা ভবনের পেছনের অংশে দুই শতাধিক শিক্ষার্থী কর্মসূচি পালন করছেন। এ সময় তারা আলোচনা সাপেক্ষে পরবর্তী কর্মসূচি ঠিক করার কথা জানান। একই সঙ্গে দাবি না মানা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন তারা।

আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, আমাদের কর্মসূচি অব্যাহত রয়েছে। রাতেও আমরা এখানে অবস্থান করেছি। সরকারের পক্ষ থেকে ইতিবাচক কোনো সিদ্ধান্ত না এলে আমরা আন্দোলন থেকে সরে যাব না।

এর আগে, গতকাল রবিবার সকালে সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা নিজ নিজ ক্যাম্পাস থেকে মিছিল নিয়ে শিক্ষা ভবন মোড়ে অবস্থান নেন। পরে সেখান থেকে দুপুরের দিকে শিক্ষা ভবনের সামনের সড়কে অবস্থান নেন।

বিকেলে তারা হাইকোর্ট মোড় অবরোধ করেন। এতে হাইকোর্ট মোড় দিয়ে প্রেস ক্লাব, গুলিস্তান, ঢাকা বিশ্ববিদ্যালয় ও সচিবালয় অভিমুখী যানচলাচল বন্ধ হয়ে যায়।

পরে আন্দোলনরত শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন জানানো হয়, সাত কলেজ নিয়ে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ ঘোষণার আগ পর্যন্ত অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights