দিনাজপুরে ট্রাকচাপায় প্রাণ গেল মা ও শিশুর

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের বিরামপুর পৌরশহরের সোনালী ব্যাংকের সামনে অটোরিকশার ধাক্কায় মোটরসাইকেল থেকে পড়ে পণ্যবাহী ট্রাকের চাপায় মা ও শিশু সন্তানের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর পৌনে ১২টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—বিরামপুর উপজেলার ধানঘরা এলাকার গোলাম রব্বানীর স্ত্রী কোহিনুর বেগম (৩৭) ও তার শিশু ছেলে রিশাত কাইফ (১৮ মাস)। কোহিনুর বেগম ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে স্বাস্থ্য সহকারী পদে কর্মরত ছিলেন।

স্বামী গোলাম রব্বানী জানান, সকালে শিশু সন্তানকে নিয়ে শ্বশুরবাড়ি থেকে মোটরসাইকেলে নিজ বাড়ি ফিরছিলেন তারা। পথে সোনালী ব্যাংকের সামনে একটি অটোরিকশা মোটরসাইকেলে ধাক্কা দিলে স্ত্রী ও সন্তান রাস্তার মাঝে ছিটকে পড়েন। এসময় বিপরীত দিক থেকে আসা একটি পণ্যবাহী ট্রাক তাদের চাপা দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই মারা যান কোহিনুর ও কাইফ।

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মা ও শিশু সন্তানের মরদেহ উদ্ধার করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights