দিনাজপুরে শ্রমিকদের জীবনমান উন্নয়নের ওপর গুরুত্বারোপ শ্রম সচিবের

আব্দুস সালাম, দিনাজপুর প্রতিনিধি ॥ শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এএইচএম সফিকুজ্জামান বলেছেন, দিনাজপুর জেলার প্রায় ৩৫ লাখ মানুষের মধ্যে ১০ লাখের মতো মানুষ শ্রমিক শ্রেণির অন্তর্ভুক্ত। এই বিশাল জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ছাড়া জেলার টেকসই উন্নয়ন সম্ভব নয়।

শুক্রবার (২৫ জুলাই) সকালে দিনাজপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের চেক বিতরণ এবং মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি জানান, বাংলাদেশে প্রায় সাড়ে সাত কোটি মানুষ শ্রমের সঙ্গে সরাসরি যুক্ত। দেশের শ্রমশক্তির মধ্যে প্রায় ৩৫ লাখ শিশু রয়েছে, যাদের মধ্যে ১০ লাখের মতো শিশু ঝুঁকিপূর্ণ শ্রমে নিয়োজিত। এদের শ্রম থেকে ফিরিয়ে এনে শিক্ষা কার্যক্রমে সম্পৃক্ত করতে হলে সমাজজুড়ে সচেতনতা ও আন্দোলনের প্রয়োজন রয়েছে। একইসঙ্গে এসব পরিবারের অর্থনৈতিক অবস্থার উন্নয়ন জরুরি বলেও তিনি উল্লেখ করেন।

শ্রম সচিব আরও বলেন, ৫ আগস্টের পর দেশে একটি পরিবর্তন এসেছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, আমরা সেই পরিবর্তন কতটুকু বাস্তবায়ন করতে পেরেছি? যদি সেই পরিবর্তনের পরও বৈষম্য অব্যাহত থাকে, তাহলে এই প্রচেষ্টা সফল হবে না।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিনাজপুরের জেলা প্রশাসক রফিকুল ইসলাম। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও দিনাজপুর পৌরসভার প্রশাসক মো. রিয়াজ উদ্দিন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আঞ্চলিক শ্রম দপ্তরের উপপরিচালক, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপ-মহাব্যবস্থাপক এবং বিভিন্ন ট্রেড ইউনিয়নের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে দিনাজপুর জেলার ৮৩ জন শ্রমিক ও তাদের পরিবারের সদস্যদের মাঝে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights