দিনাজপুরে সড়কে ঝরলো ২ প্রাণ

দিনাজপুর প্রতিনিধি

ঈদের দিন দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের বিরামপুরে বাজারে সড়ক দুর্ঘটনায় এক বীর মুক্তিযোদ্ধাসহ দুইজন মারা গেছেন।

ঈদের দিন সোমবার সকাল সাড়ে ৮টার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের বিরামপুরের দিওড় বটতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, বীর মুক্তিযোদ্ধা এম এ কে আজাদ (৭০) বিরামপুর উপজেলার দিওড় ইউনিয়নের কুয়েতপাড়া গ্রামের কলিমুদ্দিনের ছেলে ও অটোচালক এনামুল হক (৪২) বিরামপুর পৌর শহরের পূর্ব জগন্নাথপুরের (ঝাউবন) তোফাজ্জল হোসেনের ছেলে। বিকেল সাড়ে পাঁচটার দিকে নিজ গ্রামে তার দাফন করা হয়।
স্থানীয়রা ও পুলিশ জানায়, ঈদের দিন সোমবার সকালে বাড়ি থেকে সেমাই কেনার জন্য অটোচালক এনামুল হকসহ বিরামপুরের বাজারের দিকে যাচ্ছিলেন বীর মুক্তিযোদ্ধা আজাদ। পথে দিওড় বটতলী এলাকায় পৌঁছালে একটি পিকআপ অটোরিকশাটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। পরে তাদের গুরুতর আহত অবস্থায় বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্থানীয়রা। এসময় কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. মনিরা পারভীন বলেন, দুর্ঘটনায় আহত ব্যক্তিদের হাসপাতালে আসার আগেই মৃত্যু হয়েছে।

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সরকার এর সত্যতা নিশ্চিত করে বলেন, মহাসড়কে পিকআপের ধাক্কায় নিহত বীর মুক্তিযোদ্ধাসহ দু’জনের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights