দিনাজপুরে হাসপাতালের চতুর্থ তলা থেকে পড়ে রোগীর মৃত্যু

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের চতুর্থ তলার বারান্দা থেকে নিচে পড়ে আমিনা খাতুন নামে এক রোগীর মৃত্য হয়েছে। শনিবার সকাল ৮টার দিকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের অপারেশন থিয়েটার ভবনের নিচ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

ধারণা করা হচ্ছে শুক্রবার দিবাগত রাতের কোনো একসময় বিছানা ছেড়ে উঠে হাসপাতালের ৪র্থ তলার বারান্দা থেকে নিচের দিকে ঝুঁকেছেন কিংবা পড়ে গেছেন।

মৃত বৃদ্ধা আমিনা খাতুন (৭৫) দিনাজপুরের পার্বতীপুর উপজেলার চন্ডিপুর ইউনিয়নের উত্তর শালন্দর (নয়াপাড়া) গ্রামের আফছার আলীর স্ত্রী।
হাসপাতাল সূত্র ও পুলিশ জানায়, মৃত আমিনা খাতুন জ্বরসহ অন্যান্য বার্ধক্যজনিত সমস্যা নিয়ে গত ৫ সেপ্টেম্বর হাসপাতালের মহিলা মেডিসিন ওয়ার্ডে ভর্তি করা হয়। কিন্তু ওয়ার্ডে শয্যা না থাকায় রোগীকে মেডিসিন বিভাগের বারান্দার মেঝেতে থাকার ব্যবস্থা করা হয়। মায়ের সঙ্গে তার ছেলে আফতাব আলী ও তার স্ত্রী ছিলেন। একসময় রাতে তারা স্বামী-স্ত্রী ঘুমিয়ে পড়েন। হঠাৎ গভীর রাতে তার মাকে বিছানায় দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। পরে শনিবার সকাল ৮টার দিকে আমিনা খাতুনের মরদেহ হাসপাতালের নিচে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেওয়া হয়।

দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ ফরিদ এর সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে কোতোয়ালি থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে। গত ৫ সেপ্টেম্বর দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের মহিলা মেডিসিন ওয়ার্ডে আমিনা খাতুনকে ভর্তি করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights