দিনের শুরুতেই ৪ উইকেট হারিয়ে ফলো-অনের শঙ্কায় বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক

চট্টগ্রাম টেস্টেও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সুবিধা করতে পারছে না বাংলাদেশ। প্রোটিয়াদের বিপক্ষে এক প্রকার খাবি খাচ্ছে টাইগাররা। গতকাল হতাশাজনকভাবে দ্বিতীয় দিন শেষ করার পর আজ তৃতীয় দিনে এসেও সেই একই চিত্র। সকাল সকাল আরও চার উইকেট হারিয়ে ফেলেছে তারা। এতে করে এখন দেখা দিয়েছে ফলো-অনে পড়ার শঙ্কা।

আজ দিনের শুরুতেই বিদায় নেন নাজমুল হোসেন শান্ত। কাগিসো রাবাদার অফ স্টাম্পের বাইরের বলে খোঁচা মেরে উইকেটরক্ষক কাইল ভেরাইনিকে ক্যাচ দেন টাইগার অধিনায়ক। এই ইনিংসে করেন ১৭ বলে দুটি চারে ৯ রান।

ঠিক তিন বল পরেই সাজঘরের পথ ধরেন মুশফিকুর রহিম। ডেন পিটারসেনের ডেলিভারি ফ্লিক করতে গিয়ে স্কয়ার লেগে টনি ডি জর্জিকে ক্যাচ উপহার দেন তিনি। এরপরের ওভারে জোড়া আঘাত হানেন রাবাদা। অফ স্টাম্প তাক করা লেংথ ডেলিভারিটি ব্যাটের কানায় লেগে উইকেটরক্ষকের গ্লাভসে জমা হয়।
দুই পা না নাড়িয়ে আগেভাগে শট খেলে ফেলে এক রানে বিদায় নেন ইনফর্ম মেহেদী হাসান মিরাজ। মিরাজকে ফেরানোর এক বল পরে মাহিদুল ইসলাম অঙ্কনকেও সাজঘরে ফেরান রাবাদা। তাকে লেগ বিফোরের ফাঁদে ফেলে ফাইফার পূর্ণ করেন এই প্রোটিয়া পেসার। জাতীয় দলে অভিষেক ইনিংসে মুশফিকের মতোই দুই বলে শূন্য রান করেন তিনি।

এর আগে, আগের দিনে করা ৪ উইকেটে ৩৪ রান নিয়ে আজ তৃতীয় দিনের ব্যাটিং শুরু করে বাংলাদেশ।

নিজেদের প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ৬ উইকেটে ৫৭৫ রান (ডিক্লেয়ার)। প্রোটিয়াদের হয়ে টনি ডি জর্জি ১৭৭, ট্রিস্টান স্টাবস ১০৬ ও মুল্ডার করেছেন ১০৫ রান। এছাড়া, বেডিংহ্যাম ৫৯ ও মুথুস্যামি করেন ৬৮ রান। বল হাতে তাইজুল ইসলাম একাই নেন পাঁচ উইকেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights