দীর্ঘদিন পর উইন্ডিজ ওয়ানডে দলে গ্যাব্রিয়েল

অনলাইন ডেস্ক

টেস্ট ক্রিকেটে ফেরার পর এবার ওয়ানডে ক্যারিয়ার পুনরুজ্জীবিত করার হাতছানি শ্যানন গ্যাব্রিয়েলের সামনে। দক্ষিণ আফ্রিকা সফরে ওয়ানডে সিরিজের দলে ৩৪ বছর বয়সী এই ফাস্ট বোলারকে রেখেছে ওয়েস্ট ইন্ডিজ। ফলে দীর্ঘদিন পর ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে দলে দেখা যাবে তাকে।

এই সফরে সীমিত ওভারের দুই সিরিজের জন্য সোমবার দল ঘোষণা করেছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ। নতুন ওয়ানডে অধিনায়ক শেই হোপ ও নতুন টি-টোয়েন্টি অধিনায়ক রভম্যান পাওয়েলের যাত্রা শুরু হবে এই সফর দিয়ে। ওয়ানডেতে হোপের সহকারী করা হয়েছে পাওয়েলকে। টি-টোয়েন্টিতে পাওয়েলের ডেপুটি হিসেবে থাকবেন কাইল মেয়ার্স।

গত মাসে জিম্বাবুয়ে সফরে টেস্ট সিরিজ দিয়ে দেড় বছর পর ওয়েস্ট ইন্ডিজ দলে ফেরেন গ্যাব্রিয়েল। গত নভেম্বরে সুপার ফিফটি কাপের দারুণ পারফরম্যান্সে এবার ওয়ানডে দলে সুযোগ পেয়ে গেলেন তিনি। ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো রেড ফোর্সের হয়ে ওই টুর্নামেন্টে ৭ ম্যাচে ১৫ উইকেট নিয়েছিলেন গ্যাব্রিয়েল। সবশেষ তিনি ওয়ানডে খেলেন ২০১৯ বিশ্বকাপে।
মেডিকেল ছাড়পত্র পাওয়া সাপেক্ষে টি-টোয়েন্টি দলে রাখা হয়েছে বাঁহাতি পেসার ওবেড ম্যাককয়কে। হাঁটুর চোটে এখনও বাইরে আছেন আরেক পেসার জেডেন সিলস। দক্ষিণ আফ্রিকায় আগামী ১৬, ১৮ ও ২১ মার্চ তিনটি ওয়ানডে খেলবে ওয়েস্ট ইন্ডিজ। তিনটি টি-টোয়েন্টি হবে ২৫, ২৬ ও ২৮ মার্চ। সাদা বলের আগে হবে টেস্ট সিরিজ।

ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে দল: শেই হোপ (অধিনায়ক), রভম্যান পাওয়েল, শামারা ব্রুকস, ইয়ানিক কারাইয়াহ, কেসি কার্টি, রোস্টন চেইস, শ্যানন গ্যাব্রিয়েল, জেসন হোল্ডার, আকিল হোসেন, আলজারি জোসেফ, ব্রান্ডন কিং,, কাইল মেয়ার্স, নিকোলাস পুরান, রোমারিও শেফার্ড, ওডিন স্মিথ।

ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি দল: রভম্যান পাওয়েল (অধিনায়ক), কাইল মেয়ার্স, শামারা ব্রুকস, ইয়ানিক কারাইয়াহ, জনসন চার্লস, শেলডন কটরেল, জেসন হোল্ডার, আকিল হোসেন, আলজারি জোসেফ, ব্রান্ডন কিং, ওবেড ম্যাককয়, নিকোলাস পুরান, রেমন রিফার, রোমারিও শেফার্ড, ওডিন স্মিথ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights