‘স্বজনপোষণ’ বিতর্ক উস্কে দিলেন কঙ্গনা
অনলাইন ডেস্ক
বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউতের সঙ্গে তারকা সন্তানদের বিরোধ নতুন নয়। অভিনেত্রীর সামাজিক যোগাযোগমাধ্যমে নজর রাখলে তার উদাহরণ চোখে পড়বে। সম্প্রতি মুম্বাইয়ের একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানের পর নিজেকে আর ধরে রাখতে পারলেন না কঙ্গনা। নাম না ধরে তারকা সন্তানদের উদ্দেশে তোপ দাগলেন তিনি। শুধু তাই নয়, তার বিচারে কারা পুরস্কার পাওয়ার যোগ্য সেই তালিকাও প্রকাশ করলেন।
ওই অনুষ্ঠানে ‘গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি’ ছবির জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন আলিয়া ভাট। অন্যদিকে ‘ব্রহ্মাস্ত্র’ ছবির জন্য সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন আলিয়ার স্বামী রণবীর কাপুর। আবার ক্রিটিক্স চয়েস বেস্ট অ্যাক্টর পেয়েছেন বরুণ ধাওয়ান। বিষয়টা নজর এড়ায়নি কঙ্গনার।
তিনি টুইটারে লেখেন, পুরস্কারের মৌসুম এসেছে এবং যোগ্য পুরস্কার প্রাপকদের থেকে যাবতীয় পুরস্কার ছিনিয়ে নিতে নেপো মাফিয়ারাও সেখানে হাজির হয়েছে। বোঝাই যাচ্ছে, কঙ্গনার নিশানায় রয়েছেন আলিয়া বা রণবীরের মতো তারকারা।
আরেকটি টুইটে ২০২২ সালে যারা পুরস্কার পাওয়ার যোগ্য, তাদের নামের একটি তালিকা প্রকাশ করেছেন কঙ্গনা। তার বিচারে, ‘কান্তারা’ ছবির জন্য সেরা অভিনেতা ঋষভ শেট্টি। ‘সীতা রমণ’ ছবির জন্য ম্রুণাল ঠাকুর। ‘আরআরআর’ ছবির জন্য এসএস রাজামৌলিকেই সেরা পরিচালকের শিরোপা দিতে চেয়েছেন কঙ্গনা। সেরা সহ-অভিনেতা এবং অভিনেত্রীর পুরস্কার তিনি তুলে দিয়েছেন যথাক্রমে অনুপম খের (দ্য কাশ্মীর ফাইলস) এবং তব্বু (দৃশ্যম এবং ভুল ভুলাইয়া ২)।
এরপর কঙ্গনা লিখেছেন, বলিউডের পুরস্কারগুলো লজ্জাজনক। কোনোদিন কাজের ফাঁকে সময় পেলে এ রকম সব যোগ্য দাবিদারদের নামের তালিকা প্রকাশ করব।
