দুই বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস

অনলাইন ডেস্ক

মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে—এ অবস্থায় আগামী ২৪ ঘণ্টায় দেশের দুই বিভাগে বজ্রসহ বৃষ্টি ঝরতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। দেশের ১৩ জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলেও পূর্বাভাস দিয়েছে সংস্থাটি।

রবিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় আজ অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো অথবা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

তাপপ্রবাহের বিষয়ে বলা হয়েছে, খুলনা বিভাগসহ রাজশাহী, রংপুর ও পঞ্চগড় জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

এদিকে গতকাল শনিবার সকাল ৬টা থেকে আজ সকাল ৬টা পর্যন্ত দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে খুলনায় ৩৭ ডিগ্রি সেলসিয়াস।

এ সময় সর্বনিম্ন তাপমাত্রা ছিল সিলেট, ঢাকা ও টাঙ্গাইলে ২৪ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে সিরাজগঞ্জের তাড়াশে ২৮ মিলিমিটার। আর ঢাকায় বৃষ্টিপাত হয়েছে ২৭ মিলিমিটার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights