দুই লাইন দিয়ে আসছিল ২ ট্রেন, তার মাঝে পড়েই গেল প্রাণ

কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লায় রেললাইন ধরে হাঁটতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়ে প্রাণ হারিয়েছেন এক বৃদ্ধ নারী। আজ সোমবার কুমিল্লা স্টেশনের নিকটবর্তী ধর্মপুর রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এ তথ্য নিশ্চিত করেছেন কুমিল্লা রেলওয়ে স্টেশন পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মোস্তফা কামাল। নিহত শিল্পী আক্তার (৫৫) জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার ডগ্রাপাড়া এলাকার জামাল হোসেনের স্ত্রী।

প্রত্যক্ষদর্শী মো. হোসাইন জানান, তিনি কুমিল্লা স্টেশনের দিক থেকে ধর্মপুর রেলগেট পার হয়ে অশোকতলা রেলগেটের দিকে আসছিলেন। কালো বোরখা পরা ওই নারী রেললাইনের ওপর দিয়ে হেঁটে আসছিলেন। এসময় চট্টগ্রাম ও ঢাকার দিক থেকে একসাথে দুইটি ট্রেন আসছিল। সামনের দিকে থাকায় সেই ট্রেনটি দেখে লেন বদলে অন্য পাশের লেনে হাঁটছিলেন তিনি। এসময় পেছন থেকে আসা ঢাকা থেকে চট্টগ্রামগামী সোনারবাংলা এক্সপ্রেসে কাটা পড়েন তিনি।

তিনি বলেন, ট্রেনটি বার বার হর্ন দিলেও তিনি সামনের পাশ দিয়ে যাওয়া ট্রেনের শব্দ ভেবে হেঁটেই যাচ্ছিলেন। আশপাশের মানুষ চিৎকার করলেও তিনি শুনছিলেন না।

পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মোস্তফা কামাল বলেন, ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights