দুর্গাপূজায় বেনাপোল স্থলবন্দরে ৮ দিন আমদানি-রফতানি বন্ধ
অনলাইন ডেস্ক
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোলে আজ ১৭ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত দুই দেশের মধ্যে পণ্য আমদানি-রফতানি টানা আট দিন বন্ধ থাকবে। তবে ১৮ ও ১৯ অক্টোবর বেনাপোল বন্দরে পণ্য খালাস ও শুল্কায়ন কার্যক্রম চালু থাকবে।
ভারতের পেট্রাপোল বন্দর ক্লিয়ারিং এজেন্টস স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চক্রবর্তী বলেন, দুর্গাপূজার সরকারি ছুটির কারণে ১৭ থেকে ২১ অক্টোবর পর্যন্ত পেট্রাপোল বন্দরের কার্যক্রম বন্ধ থাকবে। এ সময়ে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক থাকবে। পাশাপাশি ভারতে খালি ট্রাক ফেরত যাওয়ার সুযোগও থাকবে।
বেনাপোল স্থলবন্দর কর্তৃপক্ষ জানায়, দুর্গাপূজার ছুটিতে আমদানি-রফতানি বন্ধ থাকলেও বন্দরে আগে থেকে আসা পণ্য খালাস ও শুল্কায়নের জন্য দুই দিন কার্যক্রম চালু রাখা হবে। এতে বন্দরে জমে থাকা পণ্য ছাড়ের সুযোগ পাবেন ব্যবসায়ীরা। আগামী ২৫ অক্টোবর সকাল থেকে বন্দরে পুনরায় স্বাভাবিক নিয়মে আমদানি-রফতানি কার্যক্রম শুরু হবে।
