দুর্নীতির দায়ে অভিযুক্ত শিক্ষকের শ্রেষ্ঠত্বের পুরস্কার বাতিল!

নড়াইল প্রতিনিধি

সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনার পর ‘শ্রেষ্ঠ প্রধান শিক্ষক’ পুরস্কারে মনোনীত হওয়া বিতর্কিত ব্যক্তি দুর্নীতির দায়ে অভিযুক্ত নড়াইলের কালিয়া উপজেলার চাঁচুড়ী পুরুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আশরাফুল ইসলামের পুরস্কার বাতিল করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। রবিবার বিভিন্ন পত্রপত্রিকায় সংবাদ প্রকাশ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনার মুখে অভিযোগের বিষয়টি তদন্ত করে সত্যতা পেয়ে স্থানীয় শিক্ষা কার্যালয়সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পর্যায় থেকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. শাহজাহান মিয়া।

এর আগে ২৯ এপ্রিল ঘোষিত জাতীয় শিক্ষা সপ্তাহে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসেবে মো. আশরাফুল ইসলামের নাম প্রকাশ করার পর দুর্নীতির দায়ে অভিযুক্ত হওয়া ‘শ্রেষ্ঠ প্রধান শিক্ষক’ পুরস্কারপ্রাপ্তি নিয়ে বিভিন্ন মহলে সমালোচনা দেখা দেয়। বিশেষ করে শিক্ষাঙ্গনসহ স্থানীয় লোকজন সামাজিক যোগাযোগ মাধ্যমে আশরাফুল ইসলামের পুরস্কার নিয়ে তীর্যক মন্তব্য করেন। বিষয়টি সম্পর্কে জেলা শিক্ষা অফিসার মুহাম্মদ জাহাঙ্গীর আলমের দৃষ্টি আকর্ষণ করা হলে গণমাধ্যমকে বলেন, আমরা বিষয়টি খতিয়ে দেখছি। তদন্ত করা হচ্ছে। পরবর্তীতে ঘোষিত পুরস্কার বাতিল করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এ প্রসঙ্গে কালিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শাহজাহান মিয়া জানান, স্কুল পর্যায়ে উপজেলায় ‘শ্রেষ্ঠ প্রধান শিক্ষক’ পুরস্কার হিসেবে আশরাফুল ইসলামের নাম মনোনীত হওয়ার পর থেকে বিভিন্ন পত্রপত্রিকায় সংবাদ প্রকাশ হয়। এরপর তদন্ত করে সমালোচনার বিষয়টির সত্যতা পাওয়ায় ‘শ্রেষ্ঠ প্রধান শিক্ষক’ পুরস্কার থেকে আশরাফুল ইসলামের নাম বাতিল করা হয়েছে। তবে এর আগে ওই শিক্ষকের বিরুদ্ধে ওঠা দুর্নীতির বিষয়টি আমাদের জানা ছিল না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights