দুর্নীতি ‘ওয়ান ডিজিটে’ নামিয়ে আনার প্রত্যয় ভূমি প্রতিমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি বলেছেন, আগামী ৬ মাসের মধ্যে বিশেষ কর্মযজ্ঞের মাধ্যমে ভূমি মন্ত্রণালয়ের দুর্নীতি ‘ওয়ান ডিজিটে’ নামিয়ে আনা হবে।

রবিবার নগরীর চটেশ্বরী রোডস্থ প্রতিমন্ত্রীর বাসভবন ‘ডালিয়া কুঞ্জে’ আয়োজিত এক ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এই প্রত্যয় ব্যক্ত করেন।

প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল বলেন, আমরা ভূমি অফিসগুলোকে পুরোপুরি অটোমেশনের আওতায় নিয়ে আসছি। হিউম্যান ক্যাশলেস সিস্টেম বা সরাসরি অর্থ লেনদেনহীন ব্যবস্থা পুরোপুরি কার্যকর করা গেলে ভূমির কাজে দুর্নীতি ও মালিকদের হয়রানি একেবারেই কমে আসবে।

প্রতিমন্ত্রী আরও জানান, অটোমেশন পদ্ধতি চালু হলে ভূমি মালিকদের রেকর্ডপত্র বা ভূমি উন্নয়ন কর পরিশোধের জন্য আর সশরীরে অফিসে ভিড় করতে হবে না। নাগরিকরা ঘরে বসেই অনলাইনে নামজারি ও জমা-খারিজের কাজ সম্পন্ন করতে পারবেন।

চট্টগ্রামের ভূমি সেবা নিয়ে আক্ষেপ প্রকাশ করে প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে চট্টগ্রামের বেশিরভাগ ভূমি অফিসে কাঙ্ক্ষিত সেবা নিশ্চিত নেই। সরকার দেশের প্রতিটি ইউনিয়ন ভূমি অফিসে ই-সেবার মান যুগোপযোগী করার কাজ করছে। হাটহাজারী ভূমি অফিসের উদাহরণ টেনে তিনি বলেন, সেখানে কোনো ক্যাশ ট্রানজ্যাকশন হয় না। একইভাবে পুরো ব্যবস্থা স্বয়ংক্রিয় হলে ভূমি অফিসগুলোকে দুর্নীতিমুক্ত করা সম্ভব হবে।

অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights