‘দুর্নীতি কমাতে প্রাতিষ্ঠানিক পর্যায়ে জবাবদিহিতা নিশ্চিত করতে হবে’
নিজস্ব প্রতিবেদক, রংপুর
বাংলাদেশে দুর্নীতি কমাতে রাষ্ট্রীয় উদ্যোগে প্রাতিষ্ঠানিক পর্যায়ের প্রতিটি ক্ষেত্রে জবাবদিহিতার সংস্কৃতি চালু করতে হবে বলে মন্তব্য করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।
শনিবার রংপুরে সচেতন নাগরিক কমিটির (সনাক) উদ্যোগে আয়োজিত সনাক-ইয়েস সমন্বয় সভায় তিনি এসব কথা বলেন।
ড. ইফতেখারুজ্জামান বলেন, রাষ্ট্রীয় ও প্রাতিষ্ঠানিক উদ্যোগের পাশাপাশি নীতিনির্ধারণী প্রক্রিয়া এবং সেবা প্রদান ব্যবস্থায় নাগরিকদের সম্পৃক্ততা বাড়াতে হবে। বৈশ্বিক অর্থনৈতিক সংকট ও দাতা সংস্থাগুলোর অর্থায়ন হ্রাসের মতো চ্যালেঞ্জের মধ্যেও স্থানীয় পর্যায়ে দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন অব্যাহত রাখতে হবে। এ আন্দোলনকে কার্যকর ও টেকসই করতে নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ এবং সম্মিলিত উদ্যোগের মাধ্যমে দুর্নীতির বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।
সনাক সভাপতি অ্যাডভোকেট এ এ এম মুনীর চৌধুরীর সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য দেন সনাকের সহসভাপতি অ্যাডভোকেট দিলরুবা রহমান।
সভাপতির বক্তব্যে অ্যাডভোকেট এ এ এম মুনীর চৌধুরী বলেন, আগামী দিনে সনাকের সহযোগী ইয়েস ও এসিজির সদস্যদের নিয়ে সুনির্দিষ্ট লক্ষ্য সামনে রেখে দুর্নীতিবিরোধী আন্দোলন এগিয়ে নেওয়া হবে। সভায় অংশগ্রহণকারীদের বক্তব্যে তিনি আশার আলো দেখেছেন বলেও উল্লেখ করেন।
