দুর্নীতি মামলায় পিএসসির সাবেক গাড়িচালক আবেদপুত্র সিয়ামের বিচার শুরু

অনলাইন ডেস্ক
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা সৈয়দ সোহানুর রহমান সিয়ামের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ দিয়েছে আদালত।

বুধবার আসামির অব্যাহতির আবেদন নাকচ করে ঢাকার বিভাগীয় স্পেশাল জজ বেগম শামীমা আফরোজের আদালত এ আদেশ দেন।

আগামী ৯ জুলাই সাক্ষ্য গ্রহণের দিন রাখা হয়েছে জানিয়েছেন সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী আরিফুল ইসলাম।

সরকারি কর্ম কমিশনের (পিএসসি) প্রশ্নফাঁস কাণ্ডে আলোচিত গাড়িচালক সৈয়দ আবেদ আলী জীবনের ছেলে হলেন সিয়াম।

এদিন মামলার অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন ছিল। সিয়ামকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে প্রসিকিউটর দেলোয়ার জাহান রুমি অভিযোগ গঠনের বিষয়ে শুনানি করেন। সিয়ামের পক্ষে তার আইনজীবী রেজাউল করিম অব্যাহতি চেয়ে শুনানি করেন।

উভয়পক্ষের শুনানি নিয়ে আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ দেন আদালত।

সিয়াম দোষী না নির্দোষ তা তার কাছে জানতে চান বিচারক। সেই সময় সিয়াম নিজেকে নির্দোষ দাবি করে ন্যায়বিচার প্রার্থনা করেন।

সিয়ামের বিরুদ্ধে গত বছরের ৫ জানুয়ারি মামলা দায়ের করেন দুদকের উপ-সহকারী পরিচালক জাকির হোসেন। মামলায় ২০২১ সালের ৩ সেপ্টেম্বর থেকে ২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত ৩৭ লাখ ৩০ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।

মামলার তদন্ত শেষে একই বছরের ৩০ ডিসেম্বর সিয়ামকে অভিযুক্ত করে অভিযোগপত্র জমা দেন উপসহকারী পরিচালক জাকির হোসেন। তবে তদন্তে সিয়ামের জ্ঞাত আয় উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ৩১ লাখ ৮১ হাজার টাকার স্থাবর ও অস্থাবর সম্পদের তথ্য পান কর্মকর্তা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights