শতবর্ষের দুই গাণিতিক সমস্যার সমাধান, গণিতের সর্বোচ্চ সম্মান ফিল্ডস মেডেল জিতলেন দুই চীনা গণিতবিদ

অনলাইন ভার্সনx
এক শতাব্দীরও বেশি সময় ধরে অমীমাংসিত থাকা দুটি গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যার সমাধান করে গণিতের সর্বোচ্চ সম্মান ফিল্ডস মেডেল জিতেছেন দুই চীনা গণিতবিদ। এটাই প্রথমবারের মতো চীনের দুই গণিতবিদ একসঙ্গে এই মর্যাদাপূর্ণ স্বীকৃতি অর্জন করলেন।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, চীনের হং ওয়াং ও ইউ দেংয়ের পাশাপাশি যুক্তরাষ্ট্রের জন পারডন এবং কানাডার জ্যাকব সিমারম্যানও এবারের ফিল্ডস মেডেল পেয়েছেন। বিজয়ীদের প্রত্যেককে ১৫ হাজার কানাডিয়ান ডলার পুরস্কার দেওয়া হয়েছে।

৩৫ বছর বয়সী হং ওয়াং যুক্তরাষ্ট্র ও ফ্রান্সে শিক্ষকতা করেন। তিনি ফিল্ডস মেডেল পাওয়া বিশ্বের মাত্র তৃতীয় নারী গণিতবিদ। তিনি সহকর্মী জশ জাহলের সঙ্গে মিলে ১৯১৭ সালে জাপানি গণিতবিদ সোইচি কাকিয়ার উত্থাপিত একটি সমস্যার সমাধান করেন।

সমস্যাটি ছিল, একটি পেনসিলকে সম্পূর্ণ ঘোরাতে সবচেয়ে কম কতটুকু জায়গা প্রয়োজন। ওয়াং ও জাহল সমতলের পাশাপাশি ত্রিমাত্রিক স্থানেও এ সমস্যার বিশ্লেষণ করেন। তাদের গবেষণা গত বছর প্রকাশিত হয়। হং ওয়াং মূলত হারমোনিক অ্যানালাইসিস নিয়ে গবেষণা করেন, যা তরঙ্গের আচরণ বিশ্লেষণের একটি গুরুত্বপূর্ণ শাখা।

অন্যদিকে ৩৭ বছর বয়সী ইউ দেং যুক্তরাষ্ট্রের শিকাগো বিশ্ববিদ্যালয়ের গণিতের অধ্যাপক। তিনি ১৯০০ সালে জার্মান গণিতবিদ ডেভিড হিলবার্ট উত্থাপিত হিলবার্টের ষষ্ঠ সমস্যার সমাধানের জন্য স্বীকৃতি পেয়েছেন।

এই সমস্যার মূল বিষয় ছিল, অসংখ্য পৃথক কণার গতির ওপর ভিত্তি করে একটি বৃহৎ বস্তুর সামগ্রিক আচরণ কীভাবে গাণিতিকভাবে ব্যাখ্যা করা যায়। ইউ দেং গ্যাসের আচরণ বিশ্লেষণের মাধ্যমে এ সমস্যার সমাধানে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।

পুরস্কার পাওয়ার পর ইউ দেং বলেন, যেসব মহান গণিতবিদকে তিনি সারাজীবন শ্রদ্ধা করেছেন, তাদের তালিকায় নিজের নাম যুক্ত হওয়া তার জন্য বিরাট সম্মানের।

এই অর্জনের পর চীনের সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। উইবো ও রেডনোটে ফিল্ডস মেডেল এবং প্রথম চীনা গণিতবিদদের এই সাফল্য নিয়ে লাখো মানুষ প্রতিক্রিয়া জানিয়েছেন।

প্রথম চীনা বংশোদ্ভূত ফিল্ডস মেডেলজয়ী গণিতবিদ শিং তুং ইয়াউ বলেন, চীনা গণিতবিদদের জন্য এটি বহু দশকের একটি স্বপ্নপূরণ।

ফিল্ডস মেডেল প্রতি চার বছর পরপর ৪০ বছরের কম বয়সী অসামান্য প্রতিভাবান গণিতবিদদের দেওয়া হয়। গণিতে এটি বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ সম্মান হিসেবে বিবেচিত।

সোর্সঃ বিবিসি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights