দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে সোমালিয়া

অনলাইন ডেস্ক
দুর্ভিক্ষের ঝুঁকিতে রয়েছে পূর্ব আফ্রিকার দেশ সোমালিয়া—এমন সতর্কবার্তা দিয়েছে জাতিসংঘ। সংস্থাটির এক কর্মকর্তা টম ফ্লেচার মোগাদিশু সফরকালে এই উদ্বেগ প্রকাশ করেন।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, প্রায় এক সপ্তাহ ধরে তিনি সোমালিয়ায় অবস্থান করছেন এবং প্রতিদিনই দেশের চলমান মানবিক সংকট আরও গভীর হচ্ছে বলে পর্যবেক্ষণ করছেন।

ফ্লেচার জানান, সোমালিয়া আগেই একটি গুরুতর মানবিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছিল। তার ওপর সাম্প্রতিক বৈশ্বিক অস্থিরতার প্রভাবে খাদ্য ও জ্বালানির দাম দ্রুত বেড়ে গেছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। তার ভাষায়, “হরমুজ প্রণালির পরিস্থিতির কারণে খাদ্যদ্রব্য ও জ্বালানির দাম প্রায় দ্বিগুণ হয়ে গেছে।”

তিনি আরও সতর্ক করে বলেন, এই পরিস্থিতি অব্যাহত থাকলে পূর্ব আফ্রিকায় আবারও বড় ধরনের দুর্ভিক্ষ দেখা দিতে পারে।

জাতিসংঘ কর্মকর্তার তথ্য অনুযায়ী, বর্তমানে সোমালিয়ায় প্রায় পাঁচ লাখ শিশু তীব্র অপুষ্টিতে ভুগছে। গত ছয় মাসে ক্ষুধার মাত্রা উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলেও তিনি উল্লেখ করেন।

ফ্লেচার আন্তর্জাতিক সম্প্রদায়কে দ্রুত পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়ে বলেন, এখনই কার্যকর উদ্যোগ না নিলে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights