দূতাবাসগুলোতে পাটপণ্যের প্রদর্শনী কর্নার করার নির্দেশ

অনলাইন ডেস্ক

মধ্যপ্রাচ্য ও ইউরোপসহ বিশ্বের বিভিন্ন দেশের দূতাবাসগুলোতে পাটপণ্যের প্রদর্শনী কর্নার করার নির্দেশনা দিয়েছেন বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং নৌ-পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন।

মঙ্গলবার রাজধানীর মতিঝিলে পাট অধিদপ্তর পরিদর্শনের পর কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ নির্দেশনা দেন।

উপদেষ্টা বলেন, এখন শুধু দেশে নয়, বিদেশেও পাটপণ্যের যথেষ্ট চাহিদা আছে। পরিবেশ দূষণরোধে বিশ্বব্যাপী সচেতনতার কারণে পাট ও পাটজাত পণ্যের চাহিদা বেড়েছে। দুবাই, সুইজারল্যান্ডসহ বিভিন্ন দেশ পাটপণ্য ব্যবহার ও আমদানিতে আগ্রহ দেখিয়েছে। বর্তমান সরকারের পলিথিনের বদলে পাটের ব্যাগ চালুর উদ্যোগে দেশের অভ্যন্তরে পাটের চাহিদা বৃদ্ধি পাচ্ছে।
তিনি বলেন, আমাদের দেশে প্রায় ছয় হাজার টন পাট বীজের চাহিদা রয়েছে। সেখানে প্রায় এক হাজার ৫০০ টন বীজ দেশে উৎপাদিত হচ্ছে। পরিকল্পনা ও প্রকল্পের মাধ্যমে পাটের বীজ এবং পাট থেকে তৈরি সুতার উৎপাদন বাড়াতে হবে।

পাট অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) জিনাত আরা তাদের সার্বিক কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে সংক্ষেপে উপস্থাপনা করেন।

এ সময় বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রউফ, প্রকল্প পরিচালক দীপক কুমার সরকার, পরিচালক সত্যকাম সেন, উপপরিচালক-সহকারী পরিচালক এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights