দেবরের ছুরিকাঘাতে ভাবি নিহত

নরসিংদী প্রতিনিধি

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নরসিংদীর আমদিয়ায় দেবরের ছুরিকাঘাতে ভাবি নিহত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে সদর উপজেলার পাঁচদোনা ইউনিয়নের আমদিয়া গ্রামে এ ঘটনা ঘটেছে। নিহত পারুল বেগম (৫০) ওই গ্রামের লোকমান হোসেনের স্ত্রী।

পুলিশ ও নিহতের মেয়ে শান্তা জানিয়েছেন, গত কয়েক মাস আগে বাড়ির আঙিনার একটি কাঁঠাল গাছ কাটেন নিহত পারুল বেগম। ওই সময় গাছের একটি ডাল পড়ে দেবর রনির সীমানায় দেয়া কাপড়ের বেড়া ভেঙে যায়। এ নিয়ে তাদের মধ্যে ঝগড়ার সৃষ্টি হয়।

এরই জের ধরে বৃহস্পতিবার ইফতারের পর দেবর রনি ও তার স্ত্রী নিহত পারুলের সাথে ঝগড়ায় লিপ্ত হয়। ওই সময় রনির সহদোর বড় ভাই জসিম উত্তেজিত হয়ে পারুল বেগমকে ছুরিকাঘাত করেন। এতে পারুল মাটিতে লুটিয়ে পড়লে দুই দেবর রনি ও জসিম লাঠি দিয়ে পেটাতে থাকে। পরে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসে। ওই সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে পুলিশ ও সিআইডিসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা হাসপাতাল ও ঘটনাস্থল পরিদর্শন করেন। ঘটনার পর থেকে অভিযুক্ত জসিম উদ্দিন পলাতক রয়েছে।

মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুজ্জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্তের পর আইনগত ব্যবস্থা নেয়া হবে। লাশ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights