দেশকে সিঙ্গাপুর বানাতে চাই না, বাসযোগ্য করতে চাই : প্রতিমন্ত্রী শাহে আলম

অনলাইন ডেস্ক
দেশকে আরও পরিচ্ছন্ন, আধুনিক ও নাগরিকবান্ধব করে গড়ে তুলতে রাজধানীর লেক ও জলাধার উন্নয়নে সরকার ধারাবাহিকভাবে কাজ করছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, সরকারের লক্ষ্য বাংলাদেশকে সিঙ্গাপুর বানানো নয়, বরং একটি সত্যিকারের বাসযোগ্য দেশে পরিণত করা।

শনিবার (২৭ জুন) রাজধানীর হাতিরঝিল এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। প্রতিমন্ত্রী জানান, রাজধানীর লেক, ঝিল ও জলাধারগুলোকে পরিচ্ছন্ন, দৃষ্টিনন্দন ও পরিবেশবান্ধব করে তুলতে পরিকল্পিতভাবে কাজ চলছে। তিনি আশা প্রকাশ করেন, আগামী এক বছরের মধ্যে ধানমণ্ডি লেক-এর দৃশ্যমান পরিবর্তন হবে। একই সঙ্গে গত এক মাস ধরে হাতিরঝিলের সৌন্দর্যবর্ধন ও রক্ষণাবেক্ষণের কাজও অব্যাহত রয়েছে।

তিনি বলেন, দীর্ঘদিনের অব্যবস্থাপনা দূর করতে সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে একাধিক বৈঠক হয়েছে। হাতিরঝিলে নতুন আলোকসজ্জা স্থাপন, লেকের দুই পাশ ভরাট ও সৌন্দর্যবর্ধনের পাশাপাশি সন্ধ্যার পর অবৈধ হকারদের অবস্থান রোধে আনসার সদস্য মোতায়েনের উদ্যোগ নেওয়া হচ্ছে।

ডেঙ্গু পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে মীর শাহে আলম বলেন, বিভিন্ন রেস্টুরেন্ট, বাসাবাড়ি ও আবাসিক কোয়ার্টারে এডিস মশার লার্ভার উপস্থিতি আশঙ্কাজনক মাত্রায় পাওয়া গেছে। তাই ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারি উদ্যোগ নয়, নাগরিকদেরও সচেতন ও দায়িত্বশীল হতে হবে।

এছাড়া শিক্ষাপ্রতিষ্ঠান পরিচ্ছন্ন রাখার উদ্যোগের কথাও তুলে ধরেন তিনি। প্রতিমন্ত্রীর ভাষ্য, প্রতি শনিবার উপজেলা পর্যায়ে স্কুল-কলেজ পরিষ্কার-পরিচ্ছন্ন করার কর্মসূচি নেওয়া হবে। এ বিষয়ে জাতীয় পর্যায় থেকেও প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights