দেশসেরা জাবি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
যুক্তরাজ্যভিত্তিক খ্যাতনামা শিক্ষা সাময়িকী টাইমস হায়ার এডুকেশনের (টিএইচই) ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাংকিং ২০২৭-এ দেশসেরা বিশ্ববিদ্যালয়ের গৌরব অর্জন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। গতকাল টিএইচইর অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশিত তালিকা থেকে এ তথ্য জানা গেছে। শিক্ষার মান, শিক্ষার্থী-শিক্ষকের অনুপাত, গবেষণার মান, সাইটেশন, আন্তর্জাতিক শিক্ষার্থীসহ কয়েকটি সূচকের ওপর ভিত্তি করে বিশ্বের ১১৮ দেশের ২ হাজার ২৯৭ বিশ্ববিদ্যালয়ের মধ্যে মূল্যায়ন করেছে প্রতিষ্ঠানটি।
তালিকায় একই অবস্থানে (৮০১-১০০০ র্যাংকে) অ্যালফাবেটিক অনুযায়ী যৌথভাবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সঙ্গে শীর্ষে রয়েছে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি), ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) ও নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ)।
এতে ১০০১-১২০০ র্যাংকে অ্যালফাবেটিক অনুযায়ী রয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি), বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), ব্র্যাক ইউনিভার্সিটি (ব্র্যাক), গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (গাকৃবি), ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি), যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি), ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি)।
১২০১-১৪০০ র্যাংকে অ্যালফাবেটিক অনুযায়ী যৌথভাবে রয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ), মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি), শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ও ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) নাম রয়েছে।
১৪০১-১৬০০ র্যাংকে অ্যালফাবেটিক অনুযায়ী যৌথভাবে রয়েছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট), ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি), আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি), খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি), নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি), রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি)।
এদিকে আন্তর্জাতিক র্যাংকিংয়ে এ অর্জনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সবাইকে উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
