ধর্মের উপর আঘাত সহ্য করা হবে না: এ্যানি

লক্ষ্মীপুর প্রতিনিধি
বিএনপি’র যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন,ধর্মের উপর আঘাত সহ্য করা হবে না। মণ্ডপে ইসলামী সংগীত ইসলাম ও হিন্দু এ দুই ধর্মকেই আঘাত করেছে। এটি ওই পাড়ের (ভারত বসে হাসিনার) ষড়যন্ত্র। কারা ধর্মীয় মূল্যবোধে আঘাত করেছে তাদের প্রত্যেককে গ্রেফতার করতে হবে। বায়তুল মোকারমে মসজিদে ইমামতি নিয়ে হাতাহাতি ও চট্টগ্রামে মন্দিরে ইসলামী গজল একই সূত্রে গাঁথা বলে মন্তব্য করেন বিএনপির এ নেতা। বলেন, এসকল ষড়যন্ত্র রুখে দিতে হবে।

শুক্রবার বিকেলে লক্ষ্মীপুর শহরের সমসেরাবাদ মনোসা বাড়ি পূজা মণ্ডপ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

এ্যানি আরো বলেন, ‘অনেক দূর থেকে টাকা দেয়া হচ্ছে। আওয়ামী লীগ এ দেশে গুম-খুন করেছে, দেশের লক্ষ লক্ষ কোটি টাকা পাচার করেছে, লুটপাটের টাকা দিয়ে ষড়যন্ত্র করছে। এ ষড়যন্ত্র কোন কাজে আসবে না। আমরা সকলে ঐক্যবদ্ধ। পাহাড়ি-বাঙালি বিভক্ত করার ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না। কারণ ধর্ম পালন শেষে আমরা মুসলমান, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই বাংলাদেশি। নতুন বাংলাদেশ গড়তে হলে আমাদের সবাইকে আরো সজাগ থাকতে হবে।’
এসময় জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, জেলা যুবদলের সভাপতি রেজাউল করিম লিটন, জেলা ছাত্রদলের সভাপতি হাসান মাহমুদ ইব্রাহীমসহ দলীয় নেতাকর্মী এবং হিন্দু সম্প্রদায়ের লোকজন উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights