বস্তির ক্ষতিগ্রস্ত প্রতি পরিবার পাবে ৫ হাজার টাকা : মেয়র আতিক

অনলাইন ডেস্ক

তেজগাঁও এলাকায় মোল্লাবাড়ি বস্তির অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে ৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদানের ঘোষণা দিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম। এর মধ্যে যারা বিশেষ চাহিদাসম্পন্ন তাদের জনপ্রতি ১০ হাজার টাকা করে আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছেন তিনি।

আজ শনিবার দুপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত তেজগাঁও মোল্লাবাড়ি বস্তি পরিদর্শনে এসে এ ঘোষণা দেন মেয়র মো. আতিকুল ইসলাম। এসময় ডিএনসিসি মেয়র ক্ষতিগ্রস্ত বস্তিবাসীদের সঙ্গে কথা বলেন এবং তাদের সহযোগিতায় পাশে থাকার আশ্বাস দেন।

মেয়র বলেন, ‘এটি একটি বেসরকারি মালিকানাধীন বস্তি। এখানে নিম্নআয়ের মানুষের বসবাস। সরেজমিনে এসে দেখলাম প্রায় সবগুলো ঘর আগুনে পুড়ে গেছে। এ তীব্র শীতে যেন তাদের কষ্ট না হয় সেজন্য পর্যাপ্ত কম্বল সরবরাহ করা হবে। এরই মধ্যে ত্রাণ মন্ত্রণালয় থেকে শুকনো খাবার ও কম্বলের ব্যবস্থা করা হয়েছে। ঢাকা উত্তর সিটি করপোরেশনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত সবাইকে আর্থিক সহায়তা দেওয়া হবে বলেও জানান তিনি। এসময় মেয়র স্থানীয় কাউন্সিলর এবং আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাদের দ্রুত সময়ের মধ্যে ক্ষতিগ্রস্তদের তালিকা প্রনয়ণের নির্দেশ দেন।
ডিএনসিসি মেয়র বলেন, ‘সাততলা বস্তি এলাকায় ফায়ার হাইড্রেন্ট স্থাপন করেছি। বস্তিবাসীদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। সব বস্তি, মার্কেট ও প্রতিষ্ঠানের কর্মকর্তাদের প্রশিক্ষণ দিতে হবে যেন অগ্নিকাণ্ড ঘটলে প্রাথমিকভাবে ব্যবস্থা নিতে পারে। কারণ ফায়ার সার্ভিস আসতেও বেশ কিছু সময় লাগে। প্রশিক্ষণ জানা থাকলে ক্ষতির পরিমাণ কমানো সম্ভব।’

বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) সামনের মোল্লাবাড়ি বস্তিতে শুক্রবার দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। দেড় ঘণ্টার চেষ্টায় বস্তির আগুন নিয়ন্ত্রণে আসে।

শেষ খবর পাওয়া পর্যন্ত এ ঘটনায় আগুনে পুড়ে মারা গেছেন দুজন। দগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আরও দুজন। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। তবে আগুনে বস্তির অনেকগুলো টিন-শেডের ঘর পুড়ে গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights