ধানের শীষ মানুষের প্রত্যাশার প্রতীকে পরিণত হয়েছে: ডা. জাহিদ

অনলাইন ডেস্ক

দিনাজপুর-৬ আসনের প্রার্থী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন, মানুষের মাঝে যে অভূতপূর্ব উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে, তাতে আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ধানের শীষ বিপুল জনসমর্থন নিয়ে দেশসেবার সুযোগ পাবে বলে আশা করি।

বুধবার দুপুরে বিরামপুর উপজেলার কাটলা ইউনিয়নের বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচারণা ও গণসংযোগকালে তিনি এ কথা বলেন। গণসংযোগকালে ডা. জাহিদ স্থানীয়দের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের বিভিন্ন অভাব-অভিযোগ ও সমস্যার কথা শোনেন।

তিনি ভোটারদের উদ্দেশ্যে বলেন, দেশের মানুষ এখন পরিবর্তন চায়। তারা একটি গণতান্ত্রিক, বৈষম্যহীন ও উন্নয়নমূলক বাংলাদেশ দেখতে চায়। ধানের শীষ আজ মানুষের সেই প্রত্যাশারই প্রতীকে পরিণত হয়েছে।

ডা. জাহিদ বিরামপুর, নবাবগঞ্জ, হাকিমপুর ও ঘোড়াঘাট এলাকার দীর্ঘদিনের বঞ্চনা দূর করতে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে তাকে বিজয়ী করার আহ্বান জানান।

নির্বাচিত হলে এলাকার অবকাঠামো উন্নয়ন, মানসম্মত শিক্ষা, আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং বেকার যুবকদের জন্য কর্মসংস্থান সৃষ্টিতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ডা. জাহিদ বলেন, সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত সাড়া প্রমাণ করে আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ধানের শীষের বিজয় সুনিশ্চিত। এই বিজয় হবে উন্নয়ন ও গণতন্ত্র পুনরুদ্ধারের বিজয়।

গণসংযোগকালে তার সঙ্গে বিএনপি ও অঙ্গ-সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights