ধুনটে ককটেল বিস্ফোরণ মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেফতার
বিশেষ প্রতিনিধি, বগুড়া
বগুড়ার ধুনটে বিএনপির দলীয় কার্যালয়ে ককটেল বিস্ফোরণের মামলায় নবাব আলী মণ্ডল (৫১) নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২৬ সেপ্টেম্বর) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেফতারকৃত নবাব আলী মণ্ডল উপজেলার নিমগাছী ইউনিয়নের বেড়েরবাড়ী বুড়ির ভিটা গ্রামের মৃত আবুল হোসেন মণ্ডলের ছেলে। তিনি নিমগাছী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদকের পদে রয়েছেন।
জানা যায়, ২০২৩ সালের ৬ জুন ধুনট পৌর এলাকার পশ্চিম ভরণশাহী গ্রামে ১নং ওয়ার্ড বিএনপির দলীয় কার্যালয়ে ককটেল হামলার অভিযোগ এনে ২০২৫ সালের ২৬ জানুয়ারি ধুনট থানায় একটি মামলা করা হয়। ধুনট উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আসাদুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেন। ওই মামলার আসামি হিসেবে শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাতে নবাব আলী মণ্ডলকে গ্রেফতার করা হয়।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, মামলার এজাহারভুক্ত আসামি হিসেবে নবাব আলী মণ্ডলকে গ্রেফতার করা হয়েছে। শনিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
