নগরকান্দায় গাছ থেকে একজনের ঝুলন্ত লাশ উদ্ধার

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরের নগরকান্দায় কাঁঠাল গাছের ডালের সঙ্গে গলায় ফাঁস দেয়া অবস্থায় এক ডাব বিক্রেতার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে স্থানীয়রা। সোমবার দুপুরে বাড়ির পাশের কাঁঠাল গাছ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

মৃত ব্যক্তির নাম টুকু শেখ (৫৮)। তিনি নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের কোনাগ্রামের মৃত জলিল শেখের ছেলে।

তালমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল হোসেন মিয়া বলেন, টুকু শেখ দীর্ঘদিন ধরে পেটের ব্যথায় ভুগছিলেন। কিন্তু তিনি অভাবের কারণে উন্নত চিকিৎসা গ্রহণ করতে পারেননি। জানা গেছে, পেটের ব্যথা সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছেন।
তালমা ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য কোনাগ্রামের শাহাবুদ্দিন মাতুব্বর বলেন, টুকু শেখের সঙ্গে তার ভায়রা কোনাগ্রামের মাইনদ্দিন মাতুব্বরের ঝগড়া বিবাদ চলছিল। তিনি তার ভায়রার উপর রাগ করে আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে।

নগরকান্দা থানার ওসি মিরাজ হোসেন বলেন, টুকু শেখ দীর্ঘদিন ধরে আর্থিক কষ্টে ধারদেনা করে সংসার চালাতে গিয়ে মানসিক অশান্তিতে ভুগছিলেন। তার আত্মহত্যার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে ছিলাম। এ ঘটনায় নগরকান্দা থানায় একটি ইউডি মামলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights