নড়াইলে ডাকাত দলের ৬ সদস্য গ্রেফতার
নড়াইল প্রতিনিধি:
নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানার পাখিমারা মধ্যপাড়ার সালাহ উদ্দীন খানের বাড়িতে ডাকাতির অভিযোগে আন্তঃজেলা ডাকাত দলের ৬ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। গত ২ জুলাই থেকে অভিযান শুরু করে ৪ জুলাই রাত পর্যন্ত নড়াইল, গোপালগঞ্জ এবং খুলনা জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ডাকাত দলের ৫ সদস্য ও ডাকাতি করা মালামাল কেনার দায়ে একজনকে গ্রেফতার করে পুলিশ। পরে তাদের স্বীকারোক্তি মোতাবেক লুন্ঠিত স্বর্ণ ও অন্যান্য মালামাল উদ্ধার করা হয়।
গ্রেফতার হওয়া ডাকাত দলের সদস্যরা হল খুলনা জেলার তেরখাদা উপজেলার নদীযারচর মধ্যপাড়ার জাকির মোল্যা ওরফে জেকের আলী (৪৮), একই গ্রামের দীন ইসলাম মোল্যা (৪২), রুপসা থানার আইচগাতি কামার পাড়ার সরজিৎ কর (৪৫), নড়াইল জেলার কালিয়া উপজেলার জোকারচর গ্রামের পারভেজ মৃধা (৩২), একই থানার শুক্তগ্রামের মফিজ খান (৩৮) ও নড়াগাতী থানার কলাবাড়িয়া গ্রামের জাকির হোসেন তালুকদার ওরফে কাটাপ্পা (৫৪)।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৮জুন রাত ২ ঘটিকার সময় কয়েক জন অজ্ঞাতনামা ৭-৮ জন ডাকাত দলের সদস্য নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানার পাখিমারা মধ্যপাড়ার সালাহ উদ্দীন খানের বাড়িতে দেশীয় ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে বাড়ির আলমারীতে রাখা নগদ টাকা এবং স্বর্ণালঙ্কার ডাকাতি করে নিয়ে। এ ঘটনায় সালাহ উদ্দীন খান বাদী হয়ে নড়াগাতি থানায় একটি ডাকাতি মামলার এজাহার দায়ের করেন। মামলা রজুর পর নড়াইল জেলা গোয়েন্দা পুলিশ গত ২ জলাই থেকে ৪ জুলাই পর্যন্ত অভিযান চালিয়ে ডাকাত দলের সদস্যদের গ্রেফতার করে।গ্রেফতার হওয়া ব্যক্তিদের নামে নড়াইল, খুলনা, বাগেরহাট ও গোপালগঞ্জ জেলার বিভিন্ন থানায় ডাকাতি ও চুরির মামলা রয়েছে।
নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদার জানান, ডাকাতির ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া ডাকাতি হওয়া স্বর্ণ ও অন্যান্য মালামাল উদ্ধার করা হয়েছে।
