নড়িয়ায় পদ্মার তীররক্ষা বাঁধে ৫০ মিটার ফাটল

শরীয়তপুর প্রতিনিধি

শরীয়তপুরের নড়িয়া উপজেলার সুরেশ্বর মাছঘাট এলাকায় পদ্মা নদীর তীররক্ষা বাঁধে প্রায় ৫০ মিটারজুড়ে ফাটল দেখা দিয়েছে। বুধবার ভোরে হঠাৎ ফাটল দেখা দেওয়ার পর বাঁধ ভেঙে যাওয়ার আশঙ্কায় নদীতীরের ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। ইতোমধ্যে অনেক ব্যবসায়ী তাদের দোকানের মালামাল নিরাপদ স্থানে সরিয়ে নিতে শুরু করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার ভোরে সুরেশ্বর মাছঘাট এলাকায় পদ্মার তীররক্ষা বাঁধের একটি অংশে ফাটল দেখা দেয়। সকালে বিষয়টি স্থানীয়দের নজরে আসে। পরে ফাটলটি ধীরে ধীরে বাড়তে থাকে এবং প্রায় ৫০ মিটার এলাকায় ছড়িয়ে পড়ে।

স্থানীয় ব্যবসায়ীরা বলেন, ফাটল আরও বাড়তে থাকায় তাঁরা উদ্বিগ্ন হয়ে পড়েছেন। বাঁধটি ভেঙে গেলে মাছঘাট, আশপাশের ব্যবসাপ্রতিষ্ঠানসহ নদীতীরবর্তী এলাকা ক্ষতিগ্রস্ত হতে পারে। এ আশঙ্কায় অনেকে দোকানের মালামাল সরিয়ে নিচ্ছেন।

খবর পেয়ে বাঁধের ক্ষতিগ্রস্ত অংশ পরিদর্শন করেন নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল কাইয়ুম খান এবং শরীয়তপুর পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী মো. জসীম উদ্দীনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

ইউএনও মো. আব্দুল কাইয়ুম খান বলেন, ফাটলের খবর পাওয়ার পর ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি তাৎক্ষণিকভাবে পানি উন্নয়ন বোর্ডকে জানানো হয়েছে। ফাটলের গভীরতা ও ঝুঁকির মাত্রা পর্যালোচনা করা হচ্ছে। পরিস্থিতির অবনতি ঠেকানো এবং স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের নিরাপত্তায় দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights