নতুন গল্পে জমবে ‘পঞ্চায়েত ৫’, প্রকাশ পেল ট্রেলার
অনলাইন ডেস্ক
অবশেষে প্রকাশ্যে এসেছে জনপ্রিয় ভারতীয় ওয়েব সিরিজ ‘পঞ্চায়েত’-এর পঞ্চম সিজনের ট্রেলার। সোমবার সন্ধ্যায় ইউটিউবে প্রকাশিত আড়াই মিনিটের ট্রেলারে দেখা মিলেছে ফুলেরা গ্রামের চেনা চরিত্রগুলোর। আগের চার সিজনের মতো এবারও হাসি, মজা আর গ্রাম্য রাজনীতির নানা ঘটনা নিয়ে হাজির হচ্ছে সিরিজটি।
ট্রেলারের শুরুতে দেখা যায়, নির্বাচনে হেরে হতাশ সাবেক প্রধানজি ও তাঁর সঙ্গীরা। অন্যদিকে নতুন প্রধান হিসেবে দায়িত্ব পেয়ে দাপট দেখাতে শুরু করেছে ভূষণ শর্মা, যাকে সবাই বনরাকস নামে চেনে। পঞ্চায়েতের নতুন দায়িত্ব পেয়ে সচিব অভিষেক ত্রিপাঠীকে দিয়ে ঝাড়ু দেওয়া ও পরিষ্কারের কাজও করাচ্ছে সে।
ভূষণের এমন আচরণে বিরক্ত হয়ে ফুলেরা গ্রাম ছেড়ে চলে যাওয়ার কথা জানায় অভিষেক। তবে এর মধ্যেই সামনে আসে রিঙ্কির সঙ্গে তার প্রেমের প্রসঙ্গ। অভিষেক ও রিঙ্কির সম্পর্কের বিষয়টি আঁচ করতে পারে বনরাকস ও তার স্ত্রী ক্রান্তি দেবী। ফলে নতুন সিজনে তাদের সম্পর্ক ঘিরেও তৈরি হয়েছে নানা নাটকীয়তার ইঙ্গিত।
ট্রেলার দেখে বোঝা যাচ্ছে, গ্রাম্য রাজনীতি, ব্যক্তিগত সম্পর্ক আর মজার সব ঘটনা মিলিয়ে এবারও দর্শকদের বিনোদন দিতে প্রস্তুত ‘পঞ্চায়েত’। ট্রেলার প্রকাশের পর থেকেই সিরিজটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দর্শকদের মধ্যে আগ্রহ দেখা যাচ্ছে।
আগের সিজনগুলোর মতো এবারও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন জিতেন্দ্র কুমার, রঘুবীর যাদব, নীনা গুপ্তা, ফয়সাল মালিক, চন্দন রায়, দুর্গেশ কুমার, সানভিকা ও অশোক পাঠকসহ অনেকে।
দীপক কুমার মিশ্র পরিচালিত ‘পঞ্চায়েত ৫’ আগামী ৩ ডিসেম্বর মুক্তি পাবে অ্যামাজন প্রাইম ভিডিওতে।
