নতুন দুর্গ গড়তে মাঠে চার দল
নজরুল মৃধা, রংপুর
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে রংপুরের ছয়টি আসনে নতুন সমীকরণ শুরু হয়েছে। আগে আসনগুলো দখলে ছিল জাতীয় পার্টি ও আওয়ামী লীগের। এখন দল দুটির অনুপস্থিতিতে এগুলোকে ‘নতুন দুর্গ’ হিসেবে পেতে চাইছে বর্তমান প্রেক্ষাপটের সবচেয়ে বড় দল বিএনপি। জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও নাগরিক পার্টিও (এনসিপি) নতুন দুর্গ গড়তে মরিয়া হয়ে মাঠ চষে বেড়াচ্ছে। এদিকে জাতীয় পার্টিও এবার নির্বাচন করবে বলে প্রচার করছে। কিন্তু শেষ পর্যন্ত তারা নির্বাচনে থাকবে কি না, তা নিয়ে জোর অনিশ্চয়তা রয়েছে।
রংপুর-১ (গঙ্গাচড়া) : এ আসনে বিএনপির প্রার্থী মোকাররম হোসেন সুজন, জামায়াতের রংপুর মহানগরের সহকারী সেক্রেটারি অধ্যাপক রায়হান সিরাজ, ইসলামী আন্দোলনের মোকতার হোসেন ও এনসিপির জেলা আহ্বায়ক আল মামুন।
রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) : এ আসনে বিএনপির প্রার্থী সাবেক এমপি মোহাম্মদ আলী সরকার, জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমির এ টি এম আজহারুল ইসলাম ও ইসলামী আন্দোলনের মাওলানা আশরাফ আলী।
রংপুর-৩ (সদর) : এ আসনে বিএনপির প্রার্থী সামসুজ্জামান সামু, জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল ও ইসলামী আন্দোলনের মো. আমিরুজ্জামান পিয়াল।
রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) : এ আসনে বিএনপি থেকে লড়ছেন কাউনিয়া উপজেলা সভাপতি শিল্পপতি এমদাদুল হক ভরসা, রংপুর মহানগর জামায়াতের আমির এ টি এম আজম খান, ইসলামী আন্দোলনের মুহাম্মদ বদিউজ্জামান ও এনসিপির সদস্যসচিব আখতার হোসেন।
রংপুর-৫ (মিঠাপুকুর) : এ আসনে বিএনপি থেকে লড়ছেন উপজেলা সভাপতি অধ্যাপক গোলাম রব্বানী, জেলা জামায়াতের আমির গোলাম রব্বানী ও ইসলামী আন্দোলনের মুহাম্মদ শফিউল আলম ভোলা মণ্ডল।
রংপুর-৬ (পীরগঞ্জ) : বিএনপি থেকে এ আসনে লড়ছেন জেলা আহ্বায়ক সাইফুল ইসলাম, জামায়াতের অধ্যাপক মাওলানা মো. নুরুল আমিন, ইসলামী আন্দোলনের মাওলানা বেলাল হোসেন। এ আসনে বিএনপি ও জামায়াত ছাড়া অন্য দলের প্রার্থীদের তেমন তৎপরতা নেই।
