হামলায় ইরানের বিপ্লবী গার্ডের মুখপাত্র নায়িনি নিহত
অনলাইন ডেস্ক
যুক্তরাষ্ট্র-ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলায় ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) মুখপাত্র জেনারেল আলী মোহাম্মদ নায়িনি নিহত হয়েছেন।
শুক্রবার আইআরজিসির পক্ষ থেকে নায়িনি নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ টেলিগ্রামে জানিয়েছে, আইআরজিসি এক বিবৃতির মাধ্যমে আইআরজিসির মুখপাত্র জেনারেল আলী মোহাম্মদ নায়িনি নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
তবে আইআরজিসি মুখপাত্র কখন নিহত হয়েছেন অথবা মধ্যরাত থেকে ইরানে যেসব হামলার খবর প্রকাশ করা হয়েছে, সেই হামলার ঢেউয়ের মধ্যেই এটি ঘটেছে কি না-সে বিষয়ে কোনো উল্লেখ নেই। ওই হামলাগুলোর বেশ কয়েকটি আঘাত হেনেছে দেশটির পূর্ব তেহরানে এবং বাকিগুলো কারাজ, কেরমান, বন্দর লেঙ্গে পোর্ট ও কাশানের মতো শহরগুলোতে।
নায়িনি কাশানের বাসিন্দা ছিলেন। তিনি আইআরজিসির ৬৮ বছর বয়সী একজন সেকেন্ড ব্রিগেডিয়ার জেনারেল। ২০২৪ সালে তাকে আইআরজিসির মুখপাত্র হিসেবে নিযুক্ত করা হয়।
নিহত হওয়ার আগে এক বিবৃতিতে জেনারেল নায়িনি দৃঢ়তার সঙ্গে জানিয়েছিলেন, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ক্রমাগত হামলা সত্ত্বেও তেহরান এখনো ক্ষেপণাস্ত্র তৈরিতে সক্ষম। যুদ্ধ চালিয়ে যাওয়ার সংকল্প ব্যক্ত করে নায়িনি বলেছিলেন, এ লড়াই চলবে।
সূত্র: আল-জাজিরা
