নাটোর প্রতিনিধি যুবলীগ নেতাকে কুপিয়ে আহত করল দুর্বৃত্তরা

নাটোরে জেলা ট্রাক ট্যাংকলরি ও কাভার্ডভ্যান পরিবহন শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক এবং পৌর যুবলীগ নেতা নাজমুল শেখ বাপ্পীকে (৩৫) কুপিয়ে মারাত্মক আহত করেছে দুর্বৃত্তরা। সোমবার সন্ধ্যা ৭টার দিকে শহরের কান্দিভিটুয়া এলাকায় অবস্থিত সদর উপজেলা রেজিস্ট্রার অফিস চত্বরে এ ঘটনা ঘটে।

আহত বাপ্পী শহরের কান্দিভিটুয়া মহল্লার আব্দুল কুদ্দুসের ছেলে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যায় যুবলীগ নেতা নাজমুল শেখ বাপ্পী সদর উপজেলা রেজিস্ট্রার অফিস চত্বরে একা দাঁড়িয়ে ছিলেন। এসময় একদল দুর্বৃত্ত তাকে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করে ঘটনাস্থল ত্যাগ করে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। ঘটনার প্রকৃত কারণ জানা যায়নি।
নাটোর আধুনিক সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, আহত অবস্থায় বাপ্পীকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রামেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিম আহম্মেদ বলেন, সন্ত্রাসী হামলার খবর পেয়ে আমরা খুব দ্রুত ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছি। বিষয়টির তদন্ত চলছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কেউ কোনো লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলেই তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights