রেললাইন পারাপারের সময় ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল গৃহিনীর

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীর মতিহার থানার মোহনপুর এলাকায় ট্রেনে কাটা পড়ে রুমানা আক্তার রাত্রি (২৩) নামে এক গৃহিনীর মৃত্যু হয়েছে।

সোমবার বেলা সোয়া ২টার দিকে এ ঘটনা ঘটে। পরে খবর পেয়ে রাজশাহীর গভর্নমেন্ট রেলওয়ে পুলিশ (জিআরপি) সন্ধ্যার সময় ঘটনাস্থল থেকে ওই গৃহিনীর লাশ উদ্ধার করে।

রুমানা আক্তার নগরীর মতিহার থানার মোহনপুর এলাকার জনি আহমেদের স্ত্রী। বাবার নাম আবদুর রহমান।
রাজশাহী জিআরপি থানার উপ-পরিদর্শক শরীফুল ইসলাম জানান, দুপুরে মতিহার থানার মোহনপুর এলাকার নতুন ওভারব্রিজের নিচে এ দুর্ঘটনা ঘটে। ওই নারী রেললাইন দিয়ে পারাপারের সময় রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে খুলনার উদ্দেশে ছেড়ে যাওয়া আন্তঃনগর ট্রেন কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনটি তাকে ধাক্কা দেয়। এ সময় তিনি রেললাইনের ওপরই ছিটকে পড়েন। এরপর ওই ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা থানায় খবর দেন। পুলিশ সন্ধ্যায় ওই মরদেহ উদ্ধার করে জিআরপি থানায় নিয়ে আসে।

রাজশাহীর জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোপাল কুমার কর্মকার জানান, দুপুরে রেললাইন পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে। পরে জিআরপি থানা থেকে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে নিয়ে আসে। নিহত নারীর পরিবারের লোকজনও থানায় এসেছেন। তাদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights