নানা আয়োজনে মুন্সীগঞ্জে পয়লা বৈশাখ উদযাপন

মুন্সীগঞ্জে নানা আয়োজনে পয়লা বৈশাখ উদযাপন করা হয়েছে। রবিবার বাংলা নববর্ষ ১৪৩১ উদযাপনে হাজারো মানুষের অংশগ্রহণের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে মঙ্গল শোভাযাত্রা। সকাল সাড়ে ৮টার দিকে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে এই শোভাযাত্রা শুরু হয়।

শোভাযাত্রাটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমী সংলগ্ন কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে গ্রামীণ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক। মেলায় গ্রামীণ ঐতিহ্য তুলে ধরে বিভিন্ন স্টল বসেছে।

জেলা প্রশাসক মো. আবু জাফর রিপনের নেতৃত্বে এতে পুলিশ সুপার মো. আসলাম খান, মুক্তিযোদ্ধা, জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ছাড়াও শিক্ষক, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এবারের শোভাযাত্রায় আবহমান বাংলার ইতিহাস-ঐতিহ্যের সঙ্গে সাম্প্রতিক ঘটনা প্রবাহের প্রতীকী উপস্থাপনের নানান বিষয় স্থান পেয়েছে। এ ছাড়াও রঙ-তুলির আঁচড়ে আঁকা বাঘ, সিংহসহ নানা রকমের মুখোশের দেখা মিলেছে। শোভাযাত্রা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন হয় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে।
এদিকে, নতুন বছরকে বরণে পান্তা ইলিশের আয়োজন করা হয় জেলা প্রশাসকের বাস ভবনে। সেখানে জেলার গুরুত্বপূর্ণ ব্যক্তিরা ছাড়াও সর্বস্তরের মানুষ পান্থা ইলিশ ভোজনে যোগ দেন। এদিন মঙ্গল শোভাযাত্রা ঘিরে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়। নিরাপত্তার চাদরে ঘিরে ফেলা হয় পুরো এলাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights