নারায়ণগঞ্জে বিশেষ টাস্কফোর্সে অভিযান

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের সদর, বন্দর ও সোনারগাঁয়ে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে গঠিত বিশেষ টাস্কফোর্সের অভিযান পরিচালনা করা হয়েছে। আজ মঙ্গলবার দিনব্যাপী এই অভিযান পরিচালনা করা হয়।

এদিন সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা কাচা বাজারে মূল্য তালিকা প্রদর্শন না করে নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যে চাল, ডাল, তেলসহ নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রয় করা ও ক্রয় ভাউচার সংরক্ষণ না করার দায়ে ভোক্তা অধিকার আইনে আক্তার স্টোরকে ৫ হাজার টাকা ও সাজু স্টোরকে ৪ হাজার টাকা এবং কাচপুর কাঁচা বাজারে ভাই ভাই এন্টারপ্রাইজকে ২ হাজার ও ফয়সাল স্টোরকে ২ হাজার টাকা জরিমানা আরোপ এবং আদায় করা হয়েছে।

একই সাথে বন্দর উপজেলার মদনপুর বাসস্ট্যান্ড এলাকায় পরিচালিত অভিযানে বাসি গ্রিল বিক্রয় ও সংরক্ষণের দায়ে এবং অস্বাস্থ্যকর উপায়ে ফিজে খাবার সংরক্ষণের দায়ে ভোজন বিলাস রেস্টুরেন্টকে ৩০ হাজার টাকা জরিমানা আরোপ এবং আদায় করা হয়েছে।
এদিকে সদর উপজেলার ভুইঘর বাজারে কাচা বাজারে মূল্য তালিকা প্রদর্শন না করে অধিক মূল্যে পণ্য বিক্রয় করার মাধ্যমে সবজি ও মাংসের বাজারকে অস্থিতিশীল করার দায়ে তিন ভাই স্টোরকে ৩ হাজার টাকা, শরীয়তপুর স্টোরকে ২ হাজার টাকা, আশিক স্টোরকে ২ হাজার টাকা, শাহ আলম স্টোরকে ২ হাজার টাকা এবং বিসমিল্লাহ খাসির মাংস দোকানকে ২ হাজার টাকাসহ সর্বমোট ১০ টি প্রতিষ্ঠানকে ৫৪ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে।

অভিযানে উপস্থিত ছিলেন সোনারগাঁ কাঁচপুর অঞ্চলের সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তা মঞ্জুরুল মোর্শেদ, বিশেষ টাস্ক ফোর্স কমিটির সদস্য সচিব ও নারায়ণগঞ্জ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তার প্রতিনিধি ডা. মিতা চক্রবর্তী, জেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা প্রতিনিধি মো. ছালাউদ্দিন ভূইয়া এবং জেলা পুলিশ লাইনের একটি টিম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights