নারায়ণগঞ্জে সাত খুন মামলার আপিল শুনানি আজ

অনলাইন ডেস্ক

নারায়ণগঞ্জে আলোচিত সাত খুন মামলায় হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আসামিদের করা আপিলের শুনানি আজ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের কার্যতালিকায় (কজলিস্টে) রয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগের পাঁচ সদস্যের বিচারপতির বেঞ্চে মামলাটি শুনানির জন্য নির্ধারিত রয়েছে। কার্যতালিকায় মামলাটি ১৬ নম্বর ক্রমিকে রয়েছে।

দীর্ঘ এক যুগেরও বেশি সময় আগে সংঘটিত এই আলোচিত হত্যাকাণ্ডের ঘটনায় বিচারিক আদালত ২৬ আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন। পরে হাইকোর্ট ১৫ জনের মৃত্যুদণ্ড বহাল রেখে ১১ জনের সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দেন। পাশাপাশি বিভিন্ন মেয়াদে কারাদণ্ডপ্রাপ্ত অপর ৯ আসামির সাজাও বহাল রাখেন। হাইকোর্টের ওই রায়ের বিরুদ্ধে আসামিরা সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আবেদন করেছেন।

সুপ্রিম কোর্ট সূত্রে জানা যায়, মামলায় হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আসামিদের করা ২১টি আপিল এবং বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত আসামিদের করা ১৬টি ফৌজদারি আবেদন শুনানির জন্য উপস্থাপন করা হয়েছে। আলোচিত মামলাটির দ্রুত নিষ্পত্তির উদ্যোগের অংশ হিসেবে রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে আপিল বিভাগের চেম্বার আদালত গত ১৮ অক্টোবর শুনানির জন্য ১৭ নভেম্বর দিন ধার্য করেন।

এর আগে অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল জানিয়েছিলেন, আলোচিত মামলাগুলোর আপিল দ্রুত শুনানির জন্য রাষ্ট্রপক্ষ উদ্যোগ নিয়েছে। সেই উদ্যোগের ধারাবাহিকতায় সাত খুন মামলাটি আজ আপিল বিভাগের কার্যতালিকায় এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights