নারী সাফের ফাইনাল: এক পরিবর্তন নিয়ে নেপালের মুখোমুখি বাংলাদেশ

অনলাইন ডেস্ক
কিছুক্ষণ পরই শুরু হবে সাফ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনাল। বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে নেপালের কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে শুরু হচ্ছে এই লড়াই।

বাংলাদেশের ব্রিটিশ কোচ পিটার বাটলার সেমিফাইনালের একাদশ থেকে ফাইনালের একাদশে একটি পরিবর্তন এনেছেন।

সেমিফাইনালে খেলেছিলেন বয়সভিত্তিক ফুটবলে দুর্দান্ত পারফর্ম করা ফরোয়ার্ড সাগরিকা। ফিট হয়ে তার পরিবর্তে ফাইনালের একাদশে ফিরেছেন শামসুন্নাহার জুনিয়র।
২০২২ সালে স্বাগতিক নেপালকে হারিয়েই বাংলাদেশ প্রথমবারের মতো দক্ষিণ এশিয়ার সেরা হয়েছিল। ওই ফাইনালের জোড়া গোলদাতা কৃষ্ণা রাণী সরকার এবারও দলে রয়েছেন। সম্পূর্ণ ফিট ও সেরা ফর্মে না থাকায় তিনি একাদশে জায়গা পান না। বদলি হিসেবে খেলান কোচ বাটলার।

অন্যদিকে, নেপাল নারী সাফে কয়েকবার ফাইনাল খেলেছে। তবে এখনও শিরোপা উঁচিয়ে ধরতে পারেননি হিমালয় কন্যারা। বাংলাদেশকে হারিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হতে চান তারাও।

গত সাফে নেপালের প্রধান খেলোয়াড় সাবিত্রা ভান্ডারী খেলতে পারেননি। এবার ফাইনালে সাবিত্রা প্রধান আশা-ভরসা নেপালের। তবে সেমিফাইনালে লাল কার্ড দেখায় ফাইনালে নেই আরেক স্বাগতিক তারকা রেখা।

নেপাল সেমিফাইনালে টাইব্রেকারে ভারতকে হারিয়ে ফাইনালে উঠেছে। অন্যদিকে, বাংলাদেশ ৭-১ গোলে ভুটানকে উড়িয়ে দেয়।

ফাইনালে বাংলাদেশ একাদশ: রুপনা চাকমা, মাসুরা পারভিন, শিউলি আজিম, আফিদা খন্দকার, শামসুন্নাহার সিনিয়র, মারিয়া মান্দা, মনিকা চাকমা, সাবিনা খাতুন, তহুরা খাতুন, ঋতুপর্ণা চাকমা ও শামসুন্নাহার জুনিয়র।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights