নালিতাবাড়ীতে আমন ধান ও চাল সংগ্রহ অভিযান শুরু
নালিতাবাড়ী প্রতিনিধি
শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় খাদ্যগুদামের জন্য আমন ধান ও চাল সংগ্রহ অভিযান ২০২৩-২৪ অর্থবছরের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে ধান ও চাল সংগ্রহ অভিযান উদ্বোধন করেন সহকারী কমিশনার (ভূমি) আফরোজা আফসানা।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা রাইস মিল মালিক সমিতির সভাপতি মো. আবদুস সামাদ ও সাধারণ সম্পাদক মো. মাহমুদুর রহমান, উপজেলা খাদ্য কর্মকর্তা মো. আতিকুর রহমান ও খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রেজাউল করিমসহ গণ্যমান্য ব্যক্তি ও সাংবাদিকরা।
খাদ্য গুদাম সূত্রে জানা গেছে, ধান ও চাল সংগ্রহ অভিযান চলবে ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসের ২৯ তারিখ পর্যন্ত। সরাসরি কৃষকের কাছ থেকে ৩০ টাকা কেজি দরে ৮১০ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আর ২০টি রাইস মিলের সাথে চুক্তিবদ্ধ হয়ে ৪৪ টাকা কেজি দরে ৮০৮ মেট্রিক টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
