নিউইয়র্ক গ্লোবাল শর্ট ফিল্ম ফেস্ট ৮ আগস্ট, জমা পড়েছে ২৬৫টি চলচ্চিত্র
যুক্তরাষ্ট্র প্রতিনিধি
আন্তর্জাতিক চলচ্চিত্র অঙ্গনে নতুন মাত্রা যোগ করতে যাচ্ছে ‘নিউইয়র্ক গ্লোবাল শর্ট ফিল্ম ফেস্ট ২০২৬’ (সিজন-১)। আগামী ৮ আগস্ট নিউইয়র্কে দিনব্যাপী অনুষ্ঠিত হবে এই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। প্রথমবারের মতো আয়োজিত এ উৎসব চলচ্চিত্র নির্মাতা ও দর্শকদের জন্য একটি গুরুত্বপূর্ণ বৈশ্বিক প্ল্যাটফর্ম হিসেবে বিবেচিত হচ্ছে।
অলাভজনক প্রতিষ্ঠান নিউইয়র্ক ফিল্ম ফাউন্ডেশন এ উৎসবের আয়োজন করছে। উৎসবে ১১টি ক্যাটাগরিতে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ও প্রামাণ্যচিত্র জমা নেওয়া হচ্ছে। আয়োজকরা জানিয়েছেন, সাবমিশন কার্যক্রম শুরু হওয়ার এক মাসের মধ্যেই বাংলাদেশ, ভারত, আফ্রিকা, যুক্তরাষ্ট্র, মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে ২৬৫টি চলচ্চিত্র জমা পড়েছে। আগামী ৫ জুলাই পর্যন্ত চলচ্চিত্র জমা দেওয়া যাবে।
আন্তর্জাতিক প্ল্যাটফর্ম ফিল্মফ্রিওয়ের মাধ্যমে চলচ্চিত্র জমা নেওয়া হচ্ছে। এখন পর্যন্ত সবচেয়ে বেশি চলচ্চিত্র জমা পড়েছে যুক্তরাষ্ট্র থেকে। এছাড়া বাংলাদেশ, ভারত, এশিয়ার বিভিন্ন দেশ, মধ্যপ্রাচ্য, ইউরোপ, আফ্রিকা এবং উত্তর ও দক্ষিণ আমেরিকার বিভিন্ন দেশ থেকেও উল্লেখযোগ্য সংখ্যক চলচ্চিত্র জমা পড়েছে। ব্যাপক সাড়ার কারণে ফিল্মফ্রিওয়ে উৎসবটিকে ‘বেস্ট সেলার’ হিসেবে স্বীকৃতি দিয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা।
উৎসব পরিচালক ও নিউইয়র্ক ফিল্ম ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা শামীম আল আমিন জানান, ৮ আগস্ট সকাল ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত দুইটি পৃথক ভেন্যুতে উৎসবের আয়োজন চলবে।
উদ্বোধনী অনুষ্ঠান, সেমিনার, কর্মশালা এবং চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হবে সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত জ্যামাইকার কুইন্স লাইব্রেরি সেন্ট্রালের মিলনায়তনে। পরে বিকেল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত জ্যামাইকা সেন্টার ফর আর্টস অ্যান্ড লার্নিং (JCAL)-এ চলচ্চিত্র প্রদর্শনী, আলোচনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
আয়োজকরা জানান, এবারের উৎসবে ১১টি ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হবে। গত তিন বছরের মধ্যে নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ও প্রামাণ্যচিত্র জমা দেওয়ার সুযোগ রয়েছে। পাশাপাশি শিক্ষার্থী ও নবীন নির্মাতাদের জন্যও আলাদা বিভাগ রাখা হয়েছে।
উৎসবের জুরি বোর্ডের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন যুক্তরাষ্ট্রের খ্যাতিমান চলচ্চিত্র নির্মাতা লিয়ার লেভিন।
