নারায়ণগঞ্জে খালেদা জিয়ার ভিত্তি স্থাপন করা সেতুর স্থান পরিদর্শনে চীনা প্রতিনিধিদল
নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জের প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ভিত্তিপ্রস্তর স্থাপন করা সেতুর স্থান পরিদর্শন করেছেন চীন সরকারের মালিকানাধীন চীনা রোড অ্যান্ড ব্রীজ করপোরেশনের একটি প্রতিনিধিদল।
সোমবার (১ জুন) দুপুরে বন্দরের নবীগঞ্জ এলাকায় সেতুর স্থান পরিদর্শনে যান চীনা প্রতিনিধিদলের সদস্যরা। একই সঙ্গে সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
সাক্ষাতে জেলার অবকাঠামোগত উন্নয়ন এবং নাগরিক সেবার মানোন্নয়নের লক্ষ্যে শীতলক্ষ্যা নদীর ওপর প্রস্তাবিত নবীগঞ্জ সেতু, বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প এবং পানি পরিশোধন প্লান্ট নির্মাণসহ বিভিন্ন উন্নয়নমূলক বিষয় নিয়ে আলোচনা করেন। এরপর প্রতিনিধি দল শীতলক্ষ্যা নদীতে প্রস্তাবিত নবীগঞ্জ সেতুর নির্ধারিত স্থান পরিদর্শন করেন।
এ সময় নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম, মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু ও যুগ্ম আহ্বায়ক আবুল কাউসার আশাসহ, সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. নূর কুতুবুল আলমসহ অনেকে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২০০৬ সালের ৮ অক্টোবর তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া নবীগঞ্জ খেয়াঘাট এলাকায় বহুল প্রত্যাশিত নবীগঞ্জ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। সেতুটি বাস্তবায়িত হলে নারায়ণঞ্জের শহর ও বন্দর এলাকার মধ্যে যোগাযোগ ব্যবস্থায় নতুন দিগন্ত উন্মোচিত হবে। পাশাপাশি শিল্প, বাণিজ্য ও অর্থনৈতিক কর্মকাণ্ডে ইতিবাচক গতি সঞ্চার হবে বলে আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।
