নিখোঁজের ১২ ঘণ্টা পর দুই মাদ্রাসা শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

সাভার প্রতিনিধি

আশুলিয়ায় নিখোঁজের ১২ ঘণ্টা পর একটি মাছের ঘের থেকে দুই মাদ্রাসা শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে বাইপাইলের শান্তিনগর এলাকার একটি পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন– পাবনার আমিন পুর থানার রতন মিয়ার ছেলে লিমন হোসেন (১০) এবং জামালপুরের মাদারগঞ্জ থানার জিয়াউল হোসেনের ছেলে মানিক হোসেন (৮)। তারা আশুলিয়ার বাইপাইল এলাকায় পরিবার নিয়ে ভাড়া বাসায় থেকে স্থানীয় একটি মাদ্রাসায় পড়াশোনা করতেন।

নিহতদের স্বজনরা বলেন, মঙ্গলবার রাতে তারা হঠাৎ নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান না মেলায় গভীর উৎকণ্ঠায় ছিলেন পরিবার ও স্থানীয়রা। বুধবার সকালে এলাকার একটি পুকুরে তাদের মরদেহ ভেসে থাকতে দেখা গেলে স্থানীয়রা পুলিশকে খবর দেন। খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে।

এ বিষয়ে আশুলিয়া থানার এসআই মো. সাইফুল্লাহ আকন্দ জানান, স্থানীয়দের দেয়া সংবাদের ভিত্তিতে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। মৃত্যুর সঠিক কারণ জানার জন্য প্রতিবেদন পাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।
ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights