নিপাহ ভাইরাস: বাংলাদেশ-ভারতীয় যাত্রীদের বিশেষ স্বাস্থ্য পরীক্ষা করবে মালয়েশিয়া

অনলাইন ডেস্ক

নিপাহ ভাইরাসের প্রাদুর্ভাবের সম্ভাবনা মাথায় রেখে বাংলাদেশ ও ভারত থেকে আসা যাত্রীদের বিশেষভাবে পরীক্ষা-নিরীক্ষা করবে মালয়েশিয়া। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) এই সিদ্ধান্তের কথা নিশ্চিত করেছে।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নিপাহ ভাইরাসের উচ্চ ঝুঁকিসম্পন্ন দেশ হিসেবে ভারত ও বাংলাদেশকে চিহ্নিত করা হয়েছে। এই দুই দেশ থেকে আসা যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা-নিরীক্ষা করে মালয়েশিয়ায় প্রবেশের অনুমতি দেওয়া হবে। মূলত প্রাদুর্ভাব প্রতিরোধ ও আগাম সতর্কতা হিসেবে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

মালয়েশিয়ার স্বাস্থ্যমন্ত্রী দাতুক সেরি ডা. জুলকেফলি আহমেদ বলেন, ‘আমাদের সব বিমানবন্দরে এই বিশেষ পরীক্ষা কার্যকর করা হবে। তাপমাত্রা মাপার ব্যবস্থা অব্যাহত থাকবে।’ তিনি বলেন, নিপাহ ভাইরাসের অন্যতম লক্ষণ হলো জ্বর বা শরীরের তাপমাত্রা বৃদ্ধি, তাই তাপমাত্রা পর্যবেক্ষণ গুরুত্বপূর্ণ।

মন্ত্রী আরও জানান, ভারত ও বাংলাদেশকে উচ্চ ঝুঁকিসম্পন্ন দেশ হিসেবে বিবেচনা করা হচ্ছে, তাই এই দুই দেশ থেকে আসা যাত্রীদের বিশেষভাবে পরীক্ষা করা হবে। তবে তাদের জন্য আলাদা কোনো রুট বা আলাদা গেটের ব্যবস্থা করা হবে না। তবুও যদি কারও শরীরে তাপমাত্রা বেশি পাওয়া যায়, তাহলে তাকে পরবর্তী পরীক্ষা-নিরীক্ষার জন্য পাঠানো হবে।

সূত্র: দ্য স্ট্রেইট টাইমস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights