নিরাপত্তার স্বার্থে ৪০ মিনিট বন্ধ থাকবে মেট্রোরেল

অনলাইন ডেস্ক

নিরাপত্তার স্বার্থে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) ৪০ মিনিট মেট্রোরেল চলাচল সাময়িক বন্ধ থাকবে বলে জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

মেট্রোরেল কর্তৃপক্ষ গতকাল সোমবার (১৫ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী ১৬ ডিসেম্বর দুপুর ১১টা ৫০ মিনিট থেকে ১২টা ৩০ মিনিট পর্যন্ত মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে। এ সময় মেট্রোরেলের সব স্টেশনেই ট্রেন চলাচল বন্ধ থাকবে এবং যাত্রী পরিবহন কার্যক্রম সাময়িকভাবে স্থগিত থাকবে।

কর্তৃপক্ষের পক্ষ থেকে আরও জানানো হয়, বিজয় দিবসের আনুষ্ঠানিকতা ও নিরাপত্তাজনিত কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্যারাজাম্প চলাকালে আকাশপথে নামা প্যারাট্রুপারদের নিরাপত্তা এবং যে কোনো সম্ভাব্য ঝুঁকি এড়াতে এই সময়টুকুতে মেট্রোরেল চলাচল বন্ধ রাখা জরুরি বলে মনে করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সাময়িক এই বন্ধের ফলে যাত্রীসাধারণের যাতায়াতে কিছুটা অসুবিধা হতে পারে বলে স্বীকার করেছে মেট্রোরেল কর্তৃপক্ষ। এজন্য যাত্রীদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করা হয়েছে।

নির্ধারিত সময় শেষে পরিস্থিতি স্বাভাবিক হলে মেট্রোরেল চলাচল পুনরায় শুরু হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights