নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে আওয়ামী লীগ প্রার্থীকে আদালতে তলব

মাদারীপর প্রতিনিধি

মাদারীপুর-৩ আসনে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আব্দুস সোবহান গোলাপকে আদালতে তলব করা হয়েছে। আগামীকাল রবিবার সশরীরে হাজির হয়ে জবাব দিতে বলা হয়েছে তাকে।

জানা গেছে, মাদারীপুর-৩ নির্বাচনী এলাকায় আব্দুস সোবহান গোলাপের বিরুদ্ধে দুই স্বতন্ত্র প্রার্থী নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের লিখিত অভিযোগ করেন। এ ঘটনায় নির্বাচনী অনুসন্ধান কমিটি অভিযুক্ত আব্দুস সোবহান গোলাপকে নির্বাচনী অনুসন্ধান কমিটি তলব করেছে এবং অভিযোগকারী তাহমিনা বেগম ও তৌফিকুজ্জামানকে সশরীরে হাজির হয়ে আচরণবিধি লঙ্ঘন সংক্রান্ত বিষয়ের সাক্ষ্য প্রমাণ নিয়ে থাকতে বলা হয়েছে।

অভিযোগকারী তাহমিনা বেগম সংরক্ষিত মহিলা আসনের এমপি এবং কালকিনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি। অপর অভিযোগকারী তৌফিকুজ্জামান কালকিনি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও কালকিনি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ৩০ নভেম্বর মনোনয়নপত্র দাখিলের সময় আওয়ামী লীগ প্রার্থী আব্দুস সোবহান গোলাপ বাদ্যযন্ত্র বাজিয়ে ও প্রভাব বিস্তার করে মনোনয়নপত্র দাখিল করেছেন বলে রিটার্নিং কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করেছেন দুই স্বতন্ত্র প্রার্থী। এ ঘটনায় নির্বাচনী অনুসন্ধান কমিটির প্রধান যুগ্ম জেলা জজ (ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল) আদালতের বিচারক মো. শরিফুল হক অভিযোগকারী এবং অভিযুক্তদের সশরীরে হাজির হয়ে রবিবার জবাব দিতে বলা হয়েছে।

যুগ্ম জেলা আদালতের পেশকার মোহাম্মদ আনোয়ার হোসেন জানান, তিনজনকেই নোটিশ করা হয়েছে। অভিযুক্তকে অভিযোগের বিষয় ব্যাখ্যা দানের জন্য বলা হয়েছে এবং অভিযোগকারীদের সাক্ষ্যসহ হাজির থাকতে বলা হয়েছে।

মাদারীপুর জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মারুফ রশিদ খান বলেন, ইলেক্টোরাল ইনকোয়ারি কমিটির কাছে অভিযোগ প্রেরণ করা হয়েছে। অভিযুক্তকে সশরীরে হাজিরা দেওয়ার নোটিশ দেওয়া হয়েছে ইতিমধ্যেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights