নির্বাচনে না এসে ধ্বংসাত্মক কাজ করলে ব্যবস্থা নেওয়া হবে : স্থানীয় সরকার মন্ত্রী

হবিগঞ্জ প্রতিনিধি
নির্বাচনে না এসে কোনো দল ধ্বংসাত্মক কাজ করার চেষ্টা করলে রাষ্ট্রের প্রচলিত আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম। শনিবার সকালে হবিগঞ্জ পৌরসভা কর্তৃক আয়োজিত শহরের পৌর শ্মশানঘাট এলাকায় উন্নয়ন ও শান্তি সমাবেশ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

স্থানীয় সরকার মন্ত্রী বলেন, সংবিধান অনুযায়ী দেশ পরিচালিত হয়, দেশের জনগণের স্বার্থে রাষ্ট্রকে তার লক্ষ্যমাত্রায় পৌঁছে দেওয়ার জন্য নির্বাচন অপরিহার্য। সাংবিধানিক বাধ্যবাধকতা থাকার কারণে নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে। নির্বাচনে অংশ গ্রহণের জন্য সকল রাজনৈতিক দলের স্বাধীনতা আছে। নির্বাচন কমিশন সকল দলকে আহ্বান জানিয়েছেন। কোনো দল যদি অংশ গ্রহণ না করে, অন্যরকম ধ্বংসাত্মক করার চেষ্টা করে প্রচলিত আইন অনুযায়ী তাদের বিরদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি আরও বলেন, বিএনপি সরকার ক্ষমতায় থাকাকালীন দেশ এবং বিদ্যুতের উন্নয়ন নিয়ে কোনো চিন্তা করেনি। কিন্তু আওয়ামী লীগ সরকার দেশের উন্নয়নের বিপ্লব ঘটিয়েছে। বিদ্যুতের ব্যাপক উন্নয়ন করেছে। শেখ হাসিনা সরকারের নেতৃত্বে দেশে উন্নয়নের জোয়ার বইছে।
এর আগে মন্ত্রী পৌর পানি লৌহ দূরীকরণ প্রকল্প ও জেলা পরিষদ ডাক বাংলোর উদ্বোধন করেন।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হবিগঞ্জ-৩ আসনের এমপি মো. আবু জাহির, হবিগঞ্জ-২ আসনের এমপি অ্যাডভোকেট আব্দুল মজিদ খান, সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী ও হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম, হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আলমগীর চৌধুরী প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights