নেইমারের অপেক্ষায় শৈশবের ক্লাব সান্তোস

অনলাইন ডেস্ক

শীর্ষ লিগে ফেরার অভিযান সফল হয়েছে সান্তোসের। এবার বড় আরেকটি আশা পূরণের অপেক্ষায় ব্রাজিলের ক্লাবটি। ঐতিহ্যবাহী ক্লাবটি ফিরে পেতে চায় তাদেরই গড়ে তোলা তারকা নেইমারকে।

সৌদি ক্লাব আল হিলালে যোগ দেওয়ার পর ইনজুরিতে এক বছর মাঠের বাইরে ছিলেন নেইমার জুনিয়র। মাঠে ফিরে দুই ম্যাচ না খেলতেই আবার ইনজুরিতে পড়েছেন তিনি। বাইরে থাকতে হবে অন্তত এক মাস।
সংবাদ মাধ্যম দাবি করেছে, মোটা অঙ্কের অর্থে কেনা ওই নেইমারকে জানুয়ারির দলবদলের বাজারে ছেড়ে দিতে চায় আল হিলাল। সৌদি ক্লাবটি চুক্তি বাতিল করলে তাকে ব্রাজিলিয়ান ক্লাব সান্তোস কেনার প্রস্তুতি নিচ্ছে বলেও জানিয়েছে সংবাদ মাধ্যম।
১১ বছর বয়সে সান্তোসের একাডেমিতে যোগ দিয়েছিলেন নেইমার। ১৭ বছর বয়সে এই ক্লাবের হয়েই পেশাদার ফুটবলে তার পথচলা শুরু। ব্রাজিলের বয়সভিত্তিক দলগুলি রাঙিয়ে এই ক্লাবে খেলার সময়ই জাতীয় দলে তার অভিষেক ২০১০ সালে।
২০০৯ থেকে ২০১৩ পর্যন্ত সান্তোসে থেকে তিনি পাড়ি জমান বার্সেলোনায়। হয়ে ওঠেন বিশ্ব ফুটবলের তারকা। বার্সেলোনা ও পিএসজির হয়ে ১০ বছর ইউরোপিয়ান ফুটবলে কাটিয়ে গত বছর সৌদি আরবের ফুটবলে চলে যান তিনি।
আল হিলালের সঙ্গে নেইমারের চুক্তি আগামী জুন পর্যন্ত। সেই চুক্তি শেষে ভবিষ্যৎ নিয়ে ৩২ বছর বয়সী এই তারকা ও তার সৌদি ক্লাবের মনোভাব বোঝার অপেক্ষায় আছে সান্তোস।
তবে সান্তোসের চাওয়া স্পষ্ট করেই জানিয়ে দিয়েছেন ক্লাবের সভাপতি মার্সেলো তেইসেইরা।
“আমাদের ভাবনা পরিষ্কার ও বাস্তবসম্মত। তার (নেইমারের) বাবা এটা জানেন, তার স্টাফরা জানেন। তারা আমাকে চেনেন, সান্তোসকে জানেন। তবে এই মুহূর্তে আমাদেরকে অপেক্ষা করতে হবে, কারণ একটি সক্রিয় চুক্তি তার এখনও আছে।”
২০১১ সালে নেইমারের অসাধারণ পারফরম্যান্সেই লাতিন আমেরিকার ক্লাব ফুটবলের সর্বোচ্চ আসর কোপা লিবের্তাদোরেসে সান্তোস শিরোপা জিতেছিল ৪৮ বছরের মধ্যে প্রথমবার।
১১ বছর আগে ক্লাব ছেড়ে গেলেও নেইমারের প্রতি সান্তোসের ভালোবাসার কমতি নেই। আগামী রোববার ব্রাজিলের সেরি বি-তে সান্তোসের ম্যাচে নেইমারকে গ্যালারিতে পাওয়ার আশা করছেন বলেও জানালেন ক্লাব সভাপতি।
“তার জন্য বক্স প্রস্তুত আছে, সবসময়ের জন্যই এটা। সে যদি ব্রাজিলে থাকে, সবসময়ই তাকে স্বাগত।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights